নজরদারির জন্য পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয় নিউজ অব দ্য ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামসহ অনেকের ওপর নজরদারি করেছিল মিডিয়ামোগল রুপার্ট মারডকের অধুনালুপ্ত ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ডেরেক ওয়েব নামের সাবেক এক পুলিশ কর্মকর্তা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর হয়ে এই গোপন নজরদারির কাজ করেন। গত মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ডেরেক ওয়েব ২০০৬ সালে প্রিন্স উইলিয়ামের ওপর নজরদারি করেন। ওই সময় উইলিয়াম তাঁর বাবা প্রিন্স চার্লসের গ্ল্লসেস্টারশায়ারের বাসভবনে থাকতেন।ডেরেক ওয়েবের মাধ্যমে ঠিক কী কাজ করা হতো, নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মালিক প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনাল সে সম্পর্কে কিছু বলতে চায়নি। তবে গত সোমবার তারা স্বীকার করে, দুজন আইনজীবীর ফোনে আড়ি পেতেছিল নিউজ অব দ্য ওয়ার্ল্ড। এ কারণে ওই দুই আইনজীবী ভোগান্তির শিকার হন। নিউজ ইন্টারন্যাশনাল বলেছে, কারও ওপর নজরদারির বিষয়টিকে তারা বেআইনি বলে মনে করে না। তবে কারও ওপর নজরদারি করা ‘কোনোভাবেই উচিত নয়’।নিরাপত্তাজনিত কারণে প্রিন্স উইলিয়ামের কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। অনেক আগে থেকেই উইলিয়ামের ব্যক্তিগত জীবন সম্পর্কে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর আলাদা আগ্রহ লক্ষ করা যায়। এ ব্যাপারে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানায়, ফোনে আড়িপাতার বিষয়টি ২০০৬ সালে প্রকাশিত হয়। তখন থেকেই ‘বিষয়টি সতর্কতার সঙ্গে’ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জুলাইয়ে নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় আট বছর পত্রিকাটির হয়ে নজরদারির কাজ চালিয়ে যান ডেরেক ওয়েব। এই সময়ে পত্রিকাটি ৯০ জনের বেশি ব্যক্তির ওপর নজরদারির দায়িত্ব দেয় তাঁকে, যাঁদের বেশির ভাগই ছিলেন রাজনীতিবিদ ও সেলিব্রেটি। প্রতিবেদনে আরও বলা হয়, নজরদারি করা হয়েছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল পিটার গোল্ডস্মিথ, সাবেক ফুটবল তারকা গ্যারি লিনেকার ও ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফের বাবা-মায়ের ওপর। এসব কাজ করতে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ডেরেক ওয়েবকে অর্থও পরিশোধ করে। এ ব্যাপারে ডেরেক ওয়েব বিবিসিকে বলেন, ‘মূলত এই ব্যক্তিরা কী পোশাক পরেন, কী গাড়ি ব্যবহার করেন, কারা তাঁদের সঙ্গে দেখা করেন এবং কোথায়, কীভাবে দেখা হয়—এসব বিষয় লিখতাম। তবে সময়টি ছিল গুরুত্বপূর্ণ।’রুপার্ট মারডক গত জুলাইয়ে তাঁর ১৬৮ বছরের পুরোনো ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেন। পত্রিকাটির সাংবাদিকেরা নিখোঁজ এক তরুণীর ফোনে আড়ি পাতেন। পরে ওই তরুণী খুন হন। এই ঘটনা ফাঁস হওয়ার পর পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। দ্য টেলিগ্রাফ ও এপি অনলাইন।