নজরদারির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তুলবে জার্মানি ও ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ‘অতিমাত্রায়’ নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন করবে জার্মানি ও ব্রাজিল। নিউইয়র্কে জাতিসংঘের কূটনীতিকেরা গত শুক্রবার এ কথা জানান।

যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নেতৃবৃন্দের ওপর নজরদারি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে বিশেষ করে আলোচনায় এসেছে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের নাম।

জাতিসংঘের কয়েকজন দূত জানান, জার্মানি ও ব্রাজিলের প্রতিনিধিরা অতিরিক্ত মার্কিন নজরদারির বিরুদ্ধে প্রস্তাবের খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করা হবে। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা একটি দেশের কূটনীতিক জানান, জার্মানি ও ব্রাজিলের প্রস্তাব সাধারণ পরিষদে ব্যাপক সমর্থন পাবে। কারণ মার্কিন গোয়েন্দাগিরির বিষয়টি কেউই পছন্দ করছে না।

 কোনো দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানতে বাধ্য নয়। তবে এই পরিষদে পাস হওয়া প্রস্তাব আন্তর্জাতিক মহলে নৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জার্মান গোয়েন্দাপ্রধান যুক্তরাষ্ট্র যাবেন: চ্যান্সেলর ম্যার্কেলের ফোনে কথিত মার্কিন গোয়েন্দাগিরির ঘটনায় ক্ষুব্ধ জার্মানি। এ বিষয়টি তদন্তের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিতে ওয়াশিংটনে পাঠানো হচ্ছে জার্মান গোয়েন্দাপ্রধানকে।

জার্মান সরকারের মুখপাত্র জর্জ স্ট্রেইটার সাংবাদিকদের জানান, গোয়েন্দাপ্রধানের ওয়াশিংটন যাওয়ার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই তিনি ওয়াশিংটন যাবেন। জার্মানির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই উদ্যোগ।

এনএসএর ওয়েবসাইটে সমস্যা!: বিশ্বজুড়ে গোপন নজরদারি করার দায়ে অভিযুক্ত মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নিজের ওয়েবসাইটেই গত শুক্রবার কয়েক ঘণ্টা ধরে ঢোকা যায়নি। পরে তা স্বাভাবিক হয়। প্রশ্ন উঠেছে, এনএসএর ওয়েবসাইট হ্যাক করা হয়েছে কি না। বিভিন্ন হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করার দাবিও করে। তবে পরে এনএসএর মুখপাত্র ভ্যান ভিন্স জানান, অভ্যন্তরীণ কারণেই এ ঘটনা ঘটেছে। নিয়মিত হালনাগাদ করার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

‘মার্কিন ইতিহাসে সবচেয়ে মারাত্মক’: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক উপপরিচালক মাইকেল মোরেল বলেছেন, সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের  যে গোপন নথি ফাঁস করেছেন, তা মার্কিন ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা। সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে গত শুক্রবার মোরেল এ কথা বলেন।

ব্রাজিলের পরিকল্পনার বিরোধিতা: গুপ্তচরবৃত্তি ঠেকাতে বিকল্প তথ্যভান্ডার ব্যবহারের কথা বিবেচনা করছিল ব্রাজিল। তবে সার্চইঞ্জিন গুগলসহ কয়েকটি প্রতিষ্ঠান এমন পরিকল্পনার বিরোধিতা করেছে। গুগলের বিবৃতিতে বলা হয়, তারা নীতিগতভাবে বিষয়টি সমর্থন করে। তবে ব্রাজিলের সব ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সেদেশে অবস্থিত সার্ভারেই সংরক্ষিত হলে তারা মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেবাবঞ্চিত হবে। এএফপি ও রয়টার্স।