নজরুল সব বাঙালির প্রতিভূ: মমতা

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সব বাঙালির প্রতিভূ বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মঙ্গলবার দ্য হিন্দু পত্রিকার অনলাইন সংস্করণে প্রতিবেদনে জানানো হয়, বিদ্রোহী কবির ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের নিউ টাউনে ‘নজরুল তীর্থ’ উদ্বোধনের সময় গতকাল সোমবার এ কথা বলেন মমতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ অপপ্রচার শুরু করেছেন যে, নজরুল সংখ্যালঘুর প্রতিভূ। এ ধারণা ভীতিকর।’
মমতা বলেন, ‘কাজী নজরুল ও রবীন্দ্রনাথের মতো ব্যক্তিকে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের মোড়ক দেওয়া যায় না। তাঁরা সব বাঙালির প্রতিভূ।’
তৃণমূল নেত্রী বলেন, কবি নজরুর সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতেন। মানুষের মধ্যে বৈষম্য না করা শিখিয়েছেন তিনি।
নজরুল তীর্থটি বাংলাদেশ ও ভারতের মধ্যে সংস্কৃতি বিনিময়ের কেন্দ্রস্থল হবে বলে আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, নজরুলের ওপর গবেষণায় তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করবে।