নতুন অস্ত্র পট বদলে দেবে: সিরিয়ার বিদ্রোহীরা
সিরিয়ার বিদ্রোহীদের হাতে নতুন অস্ত্রের চালান এসেছে বলে দাবি করেছেন তাদের জোট ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র লাউয়ে মেকদাদ। তিনি দাবি করেন, এসব অস্ত্র চলমান গৃহযুদ্ধের পট বদলে দিতে পারে। গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে এই দাবি জানান মেকদাদ। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মেকদাদ বলেন, ‘আমরা নতুন ধরনের অস্ত্র পেয়েছি। আমাদের বিশ্বাস, এগুলো যুদ্ধক্ষেত্রের চরিত্র পাল্টে ফেলবে।’ তবে এ অস্ত্র কোত্থেকে এসেছে, কারা পাঠিয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনার জন্য আজ শনিবার কাতারে বৈঠকে বসছে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক গোষ্ঠী। আজকের বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জর্ডান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের যোগ দেওয়ার কথা। সিরিয়ায় সেনাবাহিনী বিদ্রোহীদের দখলে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর এ আলোচনা হতে যাচ্ছে।
এদিকে সিরিয়ায় রক্তপাত বন্ধে সম্মেলনের আয়োজন নিয়ে আলোচনার জন্য আগামী মঙ্গলবার আন্তর্জাতিক মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমির সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা।