নতুন আইএসআই প্রধান শাহরুখ খানের আত্মীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান লে. জেনারেল জহির-উল-ইসলাম আজাদ হিন্দ ফৌজের বীরযোদ্ধা মেজর জেনারেল শাহনেওয়াজ খানের ভাতিজা। সেই সূত্রে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে জহির-উল-ইসলামের একধরনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।জহিরুলের বাবা পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। আর চাচা শাহনেওয়াজ খান মেজর জেনারেল ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রধান সুভাষ চন্দ্র বোসের সময়। পাকিস্তানের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা গবেষক ইকরাম সেহগাল এ তথ্য দিয়েছেন। তিনি জহিরুলের পারিবারিক বৃত্তান্ত তুলে ধরেছেন।গবেষক ইকরাম বলেন, ‘শাহনেওয়াজ খানের এক ছেলে দেশবিভাগের সময় তাঁর সঙ্গে ভারতে চলে যান, আর মাহমুদ নেওয়াজ নামের আরেক ছেলে পাকিস্তানেই থেকে যান, যিনি পরবর্তী সময়ে কর্নেলের পদমর্যাদা পান। অবশ্য, মাহমুদ নেওয়াজ অবসর নেওয়ার পরই কেবল ভারতে গিয়ে তাঁর বাবার সঙ্গে সাক্ষাৎ করেন। কেননা, চাকরিরত অবস্থায় তাঁর ভারতে যাওয়ার অনুমতি ছিল না।’বলিউড তারকা শাহরুখ খানের যেসব জীবনবৃত্তান্ত বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, তাতে দেখা গেছে, তাঁর প্রয়াত মা লতিফ ফাতিমা ছিলেন শাহনেওয়াজ খানের দত্তক কন্যা। সেই সূত্রে নতুন আইএসআইয়ের প্রধান শাহরুখ খানের দূরসম্পর্কের আত্মীয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত শুক্রবার জহির-উল-ইসলামকে আইএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দেন। তিনি রাওয়ালপিন্ডি শহরে জন্ম নেন। ১৯৮৩ সালে মৃত্যুবরণকারী চাচা শাহনেওয়াজ খানের সঙ্গে জহির-উল-ইসলামের কোনো দিন দেখা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শাহনেওয়াজ খানের জন্ম রাওয়ালপিন্ডির কাহুতা শহরে। তিনি ব্রিটিশ ভারতীয় সেনা-বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। ১৯৪২ সালে জাপানি বাহিনী কর্তৃক সিঙ্গাপুর দখলের সময় তিনি ধরা পড়েন। পরে আইএনএতে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি জাপানি বাহিনীর সঙ্গে বার্মায় (বর্তমানে মিয়ানমার) ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন।শাহনেওয়াজ খান ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়েন এবং ১৯৪৬ সালে অন্যান্য আইএনএ কর্মকর্তার সঙ্গে তাঁকেও বিচারের মুখোমুখি হতে হয়। বিচারে বিশ্বাসঘাতকতার দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। তবে ব্যাপক জনরোষের মুখে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় ব্রিটিশ কর্তৃপক্ষ।জহির-উল-ইসলামকে আইএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার আগে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, বলিউড তারকা সাইফ আলী খানের চাচা আইএসআইয়ের উপমহাপরিচালক মেজর জেনারেল ইসফানদিয়ার আলী খান পতৌদি গোয়েন্দা সংস্থাটির প্রধান হওয়ার জন্য চেষ্টা করছেন। অবশ্য কয়েকটি সূত্রমতে, পতৌদি কখনোই এ পদের জন্য লালায়িত ছিলেন না। টাইমস অব ইন্ডিয়া, পিটিআই।