নতুন আইনি জটিলতায় শাকিল আফ্রিদি
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের অবস্থান মার্কিন গোয়েন্দাদের জানিয়ে দেওয়া পকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি নতুন আইনি জটিলতার মুখে পড়েছেন।
গতকাল বুধবার এক আপিল ট্রাইব্যুনাল বলেছেন, এ মামলাটির পুনর্বিবেচনার আদেশ ‘দ্ব্যর্থক ও স্ববিরোধী’। ট্রাইব্যুনাল তা স্পষ্ট করার নির্দেশ দেন। চিকিৎসক শাকিল আফ্রিদিকে জঙ্গিদের সঙ্গে কথিত যোগসূত্রের জন্য বিশ্বাসঘাতকতার অপরাধে গত বছরের মে মাসে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত গত আগস্টে ওই রায় বাতিল করে পুনর্বিচারের আদেশ দিয়েছিলেন।
আফ্রিদির আইনজীবীরা পেশোয়ারের কেন্দ্রশাসিত আদিবাসী অঞ্চলের (ফাটা) ট্রাইব্যুনালের কমিশনারের এ রুলিংকে চ্যালেঞ্জ করে আফ্রিদির জামিন চান।
ফাটা ট্রাইব্যুনাল গতকাল বুধবার লিখিত এক আদেশে বলেন, গত আগস্টের রুলিং ‘দ্ব্যর্থক ও স্ববিরোধী’ ছিল। পেশোয়ারের কমিশনারকে বিষয়টি ট্রাইব্যুনালের কাছে পরিষ্কার করতে বলা হয়েছে। এএফপি।