নতুন আইনে নির্বাচনে অংশ নিতে পারবেন না সু চি
মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। গতকাল বুধবার সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন এ কথা জানান। নতুন আইনের কারণে সু চিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নিতে হতে পারে এনএলডিকে।‘পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ নামের ওই আইনের বিস্তারিত রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কারাদণ্ড পাওয়া কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য থাকতে পারবেন না। এ আইন মানতে ব্যর্থ দলকে বিলুপ্ত ঘোষণা করা হবে। গৃহবন্দিত্বের শর্তভঙ্গের অভিযোগে গত বছরের আগস্টে সু চিকে তিন বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের আদালত। পরে সামরিক জান্তাপ্রধান থান শোয়ে এ সাজা কমিয়ে নোবেল পুরস্কারজয়ী এই নেত্রীকে আরও দেড় বছর গৃহবন্দী করে রাখার নির্দেশ দেন। এর আগে সংবিধানের এক সংশোধনীর মাধ্যমে সু চিকে নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করে সামরিক জান্তা। ২০০৮ সালের ওই সংশোধনীতে বলা আছে, বিদেশি নাগরিককে বিয়ে করেছেন এমন কোনো মিয়ানমারের নাগরিক নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।এনএলডির মুখপাত্র বলেন, ‘লক্ষ করেছি, নতুন আইনের আওতায় সু চিকে দল থেকে বাদ দিতে হবে। এ আইনের মাধ্যমে তাদের (জান্তা সরকার) অবস্থানের বিষয়ে পরিষ্কার হওয়া গেল। আইনটি দেখার পর আমি খুবই বিস্মিত হয়েছি। আশা করিনি, এটা এতটা বাজে হবে।’নতুন আইনে নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোকে ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে নির্বাচনে অংশ নেবে কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনএলডি। এনএলডির ডেপুটি চেয়ারম্যান টিন উ সাংবাদিকদের বলেন, ‘আইনগুলো মাত্রা ছাড়িয়ে গেছে। অং সান সু চিকে ঠেকাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটি করা হয়েছে।’ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ আইনে। ফলে আইনের আওতায় বৌদ্ধ ধর্মগুরুরা কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। ২০০৭ সালে মিয়ানমারে জান্তাবিরোধী অভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিল দেশটির হাজার হাজার বৌদ্ধভিক্ষু। এ ছাড়া আইনটিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, সামরিক জান্তাই নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ দেবে। বিবিসি, এএফপি।