নতুন আশা নিয়ে নববর্ষ বরণ
হতাশার সব জঞ্জাল ধুয়েমুছে যাবে, অপার সম্ভাবনা নিয়ে আসবে নতুন দিন—এই আশা সামনে রেখে বিশ্বজুড়ে অগণিত মানুষ খ্রিষ্টীয় নববর্ষকে জাঁকালভাবে স্বাগত জানিয়েছে। আজ শনিবার দিনভর বয়ে যাবে সেই উৎসবের ঢেউ।গত বছর বিভিন্ন সময় নানা বিপর্যয় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্বজুড়ে মানুষকে বারবার বিপর্যস্ত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়ার দাবানল, আইসল্যান্ড ও ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাত, যুক্তরাষ্ট্রের তেল বিস্ফোরণ, হাঙ্গেরির বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়া, চিলির খনিতে শ্রমিকদের আটকে পড়া, অস্ট্রেলিয়ার বন্যা এবং ইউরোপ-আমেরিকাজুড়ে ভয়াবহ তুষারপাত। এসব ঘটনায় পাওয়া দুর্ভোগ, কষ্ট ও গ্লানি দূরে ঠেলে গতকাল নতুন করে উজ্জীবিত হয়েছে বিশ্ববাসী। অস্ট্রেলিয়ার বন্যাকবলিত উত্তর-পূর্বাঞ্চলে নববর্ষ উদ্যাপনে তেমন একটা উৎসাহ দেখা যায়নি। তবে সিডনিতে গতকালই নববর্ষ উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি দেখা যায়। সেখানকার বিখ্যাত হারবার ব্রিজে নতুন বছরের প্রথম প্রহরে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়। রাতের আকাশে ছড়িয়ে পড়া সেই বর্ণিল আলোকছটা উপভোগ করতে সেখানে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়। এক দিন আগেই লোকজনকে সেখানে তাঁবু ফেলতে দেখা যায়। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় এডিলেডে তীব্র তাপপ্রবাহে সেখানে দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে লোকজনের মধ্যে বর্ষবরণের উচ্ছ্বাস থাকলেও সেখানে আতশবাজি পোড়ানোর ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিল।সদ্য তুষারপাতকবলিত ইউরোপেও বর্ষবরণকারীদের ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে। লন্ডনের বিগ বেন ও প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে জড়ো হয়ে হাজার হাজার মানুষকে নতুন বছরের প্রথম মুহূর্তটিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে দেখা গেছে। বিগ বেনের ঘড়ির ঘণ্টা শুনতে টেমস নদীর পাড়ে অন্তত আড়াই লাখ লোক জড়ো হয়।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তাঘাট এখনো তুষারে ঢাকা। লোকজন যাতে আনন্দ-ফুর্তিতে মেতে উঠতে পারে, এ জন্য সেখানকার টাইমস স্কয়ারের জমে থাকা তুষার পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।প্রশান্ত মহাসাগরীয় ছোট দ্বীপরাষ্ট্র কিরিবাতির ধর্মপ্রাণ লোকজনকে প্রথম প্রহরে প্রার্থনার জন্য বিভিন্ন গির্জায় হাজির হতে দেখা গেছে।নিউজিল্যান্ডের অকল্যান্ডে ‘হট ইন দি সিটি’ প্রতিপাদ্য নিয়ে এক জমকালো আতশবাজির উৎসবের আয়োজন করা হয়। এ ছাড়া দক্ষিণাঞ্চলের গির্জাগুলোতে ধর্মপ্রাণ লোকজনকে বিশেষ প্রার্থনার জন্য জড়ো হতে দেখা যায়।এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আতশবাজি ও লেজার রশ্মির উৎসবের আয়োজন করা হয় হংকংয়ে। প্রায় চার লাখ লোকের এ উৎসবে যোগ দেওয়ার কথা।চীনের দক্ষিণ সাংহাইয়ে ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি ছিল। সেখানে প্রায় সাত হাজার লোকের ওই উৎসবে যোগ দেওয়ার কথা।ভারতে সরকারের পক্ষ থেকে জঙ্গি হামলার আশঙ্কা ব্যক্ত করা হলেও দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ লোক নববর্ষ উদ্যাপন করার কথা। এ ছাড়া জাপান, জার্মানিসহ গুরুত্বপূর্ণ দেশগুলোতেও জমকালো উৎসবের আয়োজন করা হয়। এএফপি ও বিবিসি অনলাইন।