পাঁচ বছর পর আবার পরিবেশকর্মীরা আরেকটি বড় জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিচ্ছেন। ২০০৯ সালের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলন সন্তুষ্ট করতে পারেনি পরিবেশবাদীদের অনেককেই। সেই হতাশার প্রেক্ষাপটেই নতুন প্রত্যাশা নিয়ে মঙ্গলবার থেকে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে যোগ দিচ্ছেন তাঁরা। খবর এএফপির।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি নিয়ে চলমান জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনা ২০১৫ সালে প্যারিস সম্মেলনে শেষ হবে। আর তা কার্যকর হবে ২০২০ সাল থেকে।
রাজনীতিবিদ, অভিনেতা, রক তারকা এবং পরিবেশকর্মীরা একরাশ আশা নিয়ে হাজির হয়েছিলেন ডেনমার্কের জলবায়ু সম্মেলনে। শিল্পোন্নত বড় দেশগুলো উষ্ণতা বাড়ার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি করবে, এমন প্রত্যাশা ছিল সবার। তবে তুমুল হইচইয়ের মধ্যে ১২টি দিন কেটে যায় কোনো চুক্তি ছাড়াই। একেবারে শেষ সময়ে কয়েকটি বড় দেশ বৈশ্বিক উষ্ণায়ন দুই ডিগ্রির মধ্যে সীমিত রাখার মুখরক্ষার প্রতিশ্রুতি দিলেন।
পরিবেশবাদীরা আশা করছেন, আজ রোববার জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে বড় ধরনের পদক্ষেপের দাবিতে নিউইয়র্কের রাস্তায় জড়ো হবেন এক লাখ মানুষ।
বিশ্বজুড়ে এ উপলক্ষে দুই হাজারের বেশি অনুষ্ঠান হবে। এসব উদ্যোগের পেছনে আছেন ফুটবল তারকা লিওনেল মেসি, হলিউডের চলচ্চিত্র তারকা সুসান সারানডন ও গায়ক পিটার গ্যাব্রিয়েলের মতো নামীদামি মানুষ।
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস প্যারিসের সেবাস্তিয়ান ব্লেইভার বলেন, ‘এখন সম্ভাবনার জানালা খোলা। আমরা আবার সুযোগ পেয়েছি।’
কোপেনহেগেনের পর পরিবেশবাদী সংগঠনগুলো দেশে দেশে সচেতনতা বাড়ানোর কাজ করেছে ব্যাপকভাবে। পাঁচ বছরের এ প্রচারণার ফল দেখতে উন্মুখ পরিবেশ সংগঠন ৩৫০.ওআরজির জেমি হেন বলেন, ‘কার্বন নিঃসরণ রোধে জাতীয় কার্যক্রম নিতে এবং আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছতে আমরা প্রতিনিধিদের ওপর চাপ অব্যাহত রাখব। তবে এ জন্য আমরা সরকারের অপেক্ষায় বসে নেই। বিশ্বজুড়েই মানুষ আরও বেশি কার্বন নিঃসরণ রোধে জীবাশ্ম জ্বালানির প্রকল্পের বিরোধিতা করছে।’