নতুন করে ড্রোন হামলার নিন্দা করল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত মিরানশাহ এলাকায় গত বুধবারের ড্রোন (চালকবিহীন বিমান) হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আইজাজ আহমদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, এ ধরনের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।
রাজধানী ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আইজাজ বলেন, ‘ড্রোন হামলা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এসব হামলায় নির্দোষ বেসামরিক লোকজন নিহত হচ্ছে। এ ছাড়া ড্রোন হামলার কারণে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিভিন্ন কল্পকাহিনি তৈরি হচ্ছে।’
ড্রোন হামলার কারণে পাকিস্তানের ভৌগোলিক সার্বভৌমত্বের পাশাপাশি মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেন আইজাজ।
উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে বুধবারের হামলায় তিনজন সন্দেহভাজন জঙ্গি নিহত ও আরও তিনজন আহত হয়। বিভিন্ন সূত্র জানায়, ওই হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
পাঁচ বছরে নিহত ৬৭ বেসামরিক লোক: পাকিস্তানে গত পাঁচ বছরে মার্কিন ড্রোন হামলায় ৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। একই সময়ে ড্রোন হামলায় নিহত সন্দেহভাজন সন্ত্রাসীর সংখ্যা দুই হাজারের বেশি। আর ড্রোন হামলার সংখ্যা ৩৬৭। দেশটির সরকার গত বুধবার এ তথ্য প্রকাশ করেছে। বিস্ময়কর ব্যাপার হলো, ২০১২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত কোনো বেসামরিক নাগরিকের ওপর ড্রোন হামলা হয়নি বলে এ সরকারি তথ্য-উপাত্তে দাবি করা হয়। ডন।