নতুন করে দাঙ্গা বাধার আশঙ্কায় মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান ও সংখ্যাগরিষ্ঠ রাখাইন বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে রক্তক্ষয়ী জাতিগত দাঙ্গার রেশ কাটতে না কাটতেই দেশটিতে নতুন করে দাঙ্গা শুরুর আশঙ্কা সৃষ্টি হয়েছে। ওই দাঙ্গায় ৯০ হাজারের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়। অনেকে এখনো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয়লাভের চেষ্টা চালাচ্ছে। গত বছরের জুন থেকে এখন পর্যন্ত দাঙ্গায় নিহত হয়েছে এক হাজারের বেশি মানুষ।সম্প্রতি এক রাতে সহিংসতাপ্রবণ পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে কমপক্ষে ১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে কয়েকজন কিশোরীও রয়েছে। এ ঘটনাতেই এই অঞ্চল ফের জাতিগত দাঙ্গা শুরুর ওই আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা।মানবাধিকারকর্মীরা বলছেন, ওই রাতে ধর্ষণের শিকার নারীরা সবাই রোহিঙ্গা মুসলমান। এদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক ১৮ বছরের এক তরুণী মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পোশাকধারী সদস্যরা কীভাবে তাঁদের ওপর পাশবিক নির্যাতন চালান, তার বর্ণনা দিয়েছেন। স্থানীয়ভাবে এই বাহিনী নাসাকা নামে পরিচিত। ওই তরুণী বলেন, ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে নাসাকা সদস্যরা রাজ্যের উত্তরাঞ্চলীয় মংদাও এলাকায় তাঁর বাড়িতে প্রবেশ করেন।তরুণীর কথায়, ‘তাঁরা আমাদের আলাদা স্থানে নিয়ে যান। পরে আমাদের শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করেন।’ তিনি বলেন, এই নির্মমতা থেকে বাদ যাননি তাঁর মা ও ছোট বোনটিও (১৫)। ভোর পর্যন্ত চলে নিরাপত্তা সদস্যদের এই নিষ্ঠুরতা। তিনি বলেন, ‘তাঁরা বাড়ির ভেতর ও বাইরে কমপক্ষে ১৫ বার আসা-যাওয়া করেছেন। তাঁরা আমার মাকে বন্দুক দিয়ে মেরেছেন এবং টেনেহিঁচড়ে বাইরে সড়কে নিয়ে গেছে। সেখানেও তাঁরা তাঁকে মারতে ছাড়েননি।’আরাকানে ২৬ বছরের এক রাখাইন বৌদ্ধ নারী ধর্ষণের শিকার হওয়ার আট মাস পর গণধর্ষণের এই ঘটনা ঘটল। রাখাইন নারীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যে ওই রক্তক্ষয়ী দাঙ্গা সংঘটিত হয়। দাঙ্গার জেরে এখনো সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ম্যাথিউ স্মিথ বলেন, ‘নাসাকার বিরুদ্ধে অনেক বছর ধরেই রোহিঙ্গা মুসলিম নারীদের যৌন হয়রানি করার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার বিচার হওয়ার দৃষ্টান্ত বিরল।’মানবাধিকার সংস্থা উইমেনস লিগ অব বার্মার প্রতিষ্ঠাতা খিন ওহমার জানান, ঘটনাগুলোর বিচার না হওয়ায় গোষ্ঠীগত সন্ত্রাস বাড়ছে। তিনি বলেন, ‘আমি এমন কিছু ঘটনা জেনেছি যেখানে নিরাপত্তা সদস্যদের ভয়ে গ্রামপ্রধানেরা ধর্ষণের পর বেঁচে যাওয়া নারীদের নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ করেছেন।’