নতুন করে বিচার হবে শাকিল আফ্রিদির
ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করে আলোচিত পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির ৩৩ বছরের কারাদণ্ডাদেশ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অপরাধে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়েছিল।শাকিল আফ্রিদির দেওয়া তথ্যের সাহায্যেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা লাদেনের পাকিস্তানের গোপন অবস্থান চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র।বিচার বিভাগের কর্মকর্তা ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশন (এফসিআর) কমিশনার সাহেবজাদা মোহাম্মদ আনিস এ নির্দেশ দেন। একই সঙ্গে তিনি শাকিল আফ্রিদির পুনর্বিচারের নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, যে বিচারক শাকিলের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন, ওই রায় ঘোষণা করার এখতিয়ার তাঁর নেই। এ কারণেই নতুন করে বিচার করার নির্দেশ দেওয়া হয়েছে। শাকিলের আইনজীবী বলেন, তাঁর বিরুদ্ধে আগের সাজা স্থগিত করে নতুন বিচারের নির্দেশ দিয়েছেন পেশোয়ারের এফসিআর কমিশনার।নতুন করে বিচারের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে শাকিলের পরিবার। তাঁর চাচাতো ভাই কামার নাদিম আফ্রিদি বলেন, এটা দারুণ খবর। এখন ‘সত্য ঘটনা’ বেরিয়ে আসবে।শাকিল ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে ভুয়া টিকাদান কর্মসূচি চালানোর মাধ্যমে ডিএনএ সংগ্রহ করে সেখানে ওসামার অবস্থান সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) নিশ্চিত করেছিলেন। এর পর অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালায় মার্কিন কমান্ডো বাহিনী। ২০১১ সালের ২ মে পরিচালিত ওই অভিযানে নিহত হন ওসামা।ওসামার অবস্থান শনাক্ত করতে শাকিল যে সিআইএকে সহায়তা করেছেন, তা স্বীকার করে যুক্তরাষ্ট্রও। ওই অভিযানের পর তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা সিআইএকে শাকিলের সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তানকে বিষয়টি আগে না জানানোয় দেশটির সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ওপর খুবই ক্ষুব্ধ হয়।অ্যাবোটাবাদের ওই অভিযানের দুই সপ্তাহ পর পাকিস্তানের গোয়েন্দারা পেশোয়ারের কাছ থেকে আটক করেন শাকিলকে। নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-ইসলাম ও এর প্রধান মঙ্গলবাগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিচার শুরু হয়। গত বছরের ২৩ মে শাকিলের বিরুদ্ধে ৩৩ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হয়। একই সঙ্গে তিন লাখ ২০ হাজার রুপি জরিমানা করা হয় তাঁকে। সংশ্লিষ্ট আদালত জানান, এখতিয়ার না থাকায় সিআইএর সঙ্গে শাকিলের সম্পৃক্ততার বিষয়টি বিচারের আওতায় নেওয়া হয়নি।শাকিলকে সাজা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানকে প্রদেয় তিন কোটি ৩০ লাখ ডলারের মার্কিন সহায়তা স্থগিত করে ওয়াশিংটন।শাকিল এখনো কারাগারে আছেন। ধারণা করা হয়, তাঁকে পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বিবিসি ও ডন।