নতুন করে সাধারণ ক্ষমা ঘোষণা আসাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর যুদ্ধবিধ্বস্ত দেশে গতকাল মঙ্গলবারের আগ পর্যন্ত সংঘটিত অপরাধের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে এ কথা জানানো হয়েছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, হাজার হাজার রাজনৈতিক বন্দীকে মুক্তি না দিলে এটা অর্থহীন।খবরে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আসাদ সাধারণ ক্ষমা ঘোষণা করে ২৩ নম্বর আদেশ (ডিক্রি) জারি করেছেন। এতে ১৬ এপ্রিল ২০১৩-এর আগে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার জন্য সাধারণ ক্ষমা মঞ্জুর করা হয়েছে।’ এই আদেশের আওতায় মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে এই ডিক্রির আওতায় কতজন সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজা কমবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট আসাদ বেশ কিছু আদেশ জারি করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তবে তা দেশটির বিরোধীপক্ষকে সন্তুষ্ট করতে পারেনি। বিরোধীপক্ষের মতে, সরকার হাজার হাজার রাজনৈতিক বন্দীকে বিভিন্ন আটককেন্দ্রে আটকে রেখেছে।বিরোধীপক্ষের নেতা মোয়াজ আল খতিব ফেসবুকে পোস্ট করা এক বার্তায় বলেছেন, যদি আসন্ন দিনগুলোতে নারী ও শিশু বন্দীদের মুক্তি দেওয়া হয়, তাহলে এই আদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হবে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, তিনি এটাকে পর্যাপ্ত বলে মনে করেন না। কারণ, এতে রাজনৈতিক বন্দীদের বিষয়ে কিছু বলা হয়নি।সানার খবরে আদেশের যে অংশ প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে, সর্বশেষ এই আদেশ অস্ত্র বা মাদক চোরাচালানের মতো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যোগ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের এর আওতায় শাস্তি কমানো হতে পারে। আদেশে বলা হয়েছে, ‘যেসব সিরীয় নাগরিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগদান করেছিলেন, তাঁদের শাস্তির মাত্র এক-চতুর্থাংশ ভোগ করতে হবে। তবে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি হওয়া যাঁরা এড়িয়ে চলেছেন, তাঁদের বেলায় এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।’এদিকে সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া তাদের ফেসবুক পাতায় বলেছে, তারা প্রেসিডেন্ট আসাদের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এবং বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় (গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ছয়টা) তা সম্প্রচার করবে।যৌথ পদক্ষেপের আবেদন জাতিসংঘের: সিরিয়ায় সংঘটিত ‘নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ’ থামাতে আরও অনেক সক্রিয় ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন জাতিসংঘের প্রধান পাঁচটি সংস্থার প্রধানেরা। এএফপি, রয়টার্স ও বিবিসি।