নতুন চাকরিতে ডেভিড ক্যামেরন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর নতুন চাকরির কথা প্রকাশ করেছেন। রাজনীতি থেকে অবসর নেওয়ার পর এবার তিনি কিশোর-কিশোরীদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে নেতৃত্ব দেবেন। তা হবে ন্যাশনাল সিটিজেন সার্ভিসের (এনসিএস) সম্প্রসারণমূলক কাজ।
গতকাল মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত নিবন্ধে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ক্যামেরন। তিনি বলেন, তাঁর জীবনের সবচেয়ে গৌরবময় অর্জনের একটি হচ্ছে এনসিএস গঠন। ২ লাখ ৭৫ হাজারের বেশি জন এখন এনসিএসের সঙ্গে সম্পৃক্ত।
এনসিএস ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য একটি সামাজিক উন্নয়ন কর্মসূচি-বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন। ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী থাকার সময় ২০১০ সালের মে মাসে এটা গঠনের ঘোষণা দেন। ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। স্কুল ছুটির সময়ের সঙ্গে মিল রেখে গ্রীষ্ম, বসন্ত ও শরতে এই কর্মসূচি পালন করা হয়। এই সংগঠনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ে কিশোর-কিশোরীরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে তারা দলীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়।
এই কর্মসূচি প্রসঙ্গে ক্যামেরন বলেছেন, এর মাধ্যমে সামাজিক বিভেদে সেতুবন্ধন তৈরি হয়। কিশোর-কিশোরীদের মধ্যে জীবনভর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা নিজেকে খুঁজে পায়, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ে; যা তাদের কর্মজীবনে প্রবেশে সহায়তা করে।
ক্যামেরন গত জুনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং গত মাসে ব্রিটিশ পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেন।