নিজের জন্য নারীর এবারও কোনো বিশেষ অভিনন্দনবার্তা নেই। তবে রয়েছে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নানা চ্যালেঞ্জ। আর এমন প্রেক্ষাপটেই আজ বুধবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে ৪০তম আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসের নানা আয়োজনে তাই প্রাধান্য পাবে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ডাক।
নানা বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ গত কয়েক মাসে বিশ্বের রাজধানী শহরগুলোতে লাখো নারীকে অধিকার রক্ষায় রাস্তায় নামতে বাধ্য করেছে। এ উদ্বেগগুলোর মধ্যে লাতিন আমেরিকায় নারী হত্যার ঘটনা, ইউরোপে গর্ভপাতবিরোধী আন্দোলন ও বিশ্বজুড়ে ক্ষমতাসীন পুরুষের পক্ষ থেকে ‘প্রভুত্বসুলভ’ কথাবার্তা উল্লেখযোগ্য।
পোল্যান্ডের রাজনীতিবিদ ও ‘সেভ উইমেন’-এর প্রতিনিধি বারবারা নাওয়াকা এএফপিকে বলেন, ৮ মার্চ নারীর ভোটাধিকারের কথা স্মরণ ও অতীতে অর্জিত সাফল্য উদ্যাপন করার দিন নয়; বরং নারীর বর্তমান পরিস্থিতিই আরও বেশি করে তুলে ধরা উচিত। তিনি আরও বলেন, শ্রমবাজার, সমাজ ও রাজনীতিতে নারীর ভূমিকা নিয়ে এখনো অনেক কিছু করার রয়েছে।
নারীর অধিকার তুলে ধরে ১৯৭৭ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। সাম্প্রতিক কালের নারী অধিকারকর্মীদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে নারীর গর্ভপাতের অধিকার, পুরুষের সমান মজুরি ও লিঙ্গভিত্তিক সহিংসতা ইত্যাদি বিষয়।
বারবারা নাওয়াকার নিজ দেশ পোল্যান্ডে ক্ষমতাসীন রক্ষণশীল দল গর্ভপাত অধিকার-সংক্রান্ত আইন সংকুচিত করার চেষ্টা করছে। ইউরোপে গর্ভপাত এরই মধ্যে অতিরক্ষণশীলতায় আবদ্ধ বিষয়ের একটিতে পরিণত হয়েছে।
এদিকে ফ্রান্সের পরিবার পরিকল্পনাবিষয়ক সংস্থার আন্তর্জাতিক বিষয়ক প্রধান ক্রিস্টিন মগেত বলেন, ‘পুরুষের কর্তৃত্বপরায়ণ আচরণ ২০১৭ সালেও সমস্যা হিসেবে রয়ে গেছে। কোনো বিষয়কে সামনে এগিয়ে নেওয়াটা কঠিন। তবে আমরা অন্তত উল্টো পথে চলা ঠেকানোর চেষ্টা করতে পারি।’