নতুন জীবনে আয়লানের স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যাঙ্কুভার বিমানবন্দরে স্বজনদের স্বাগত জানান আয়লানের ফুফু তিমা কুর্দি l ছবি: রয়টার্স
ভ্যাঙ্কুভার বিমানবন্দরে স্বজনদের স্বাগত জানান আয়লানের ফুফু তিমা কুর্দি l ছবি: রয়টার্স

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যুবরণ করা সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দির (৩) কয়েকজন স্বজন কানাডায় পৌঁছেছেন। আয়লানের চাচাসহ সাতজন গত সোমবার শরণার্থী হিসেবে সে দেশে পৌঁছান। শিশুটির শোকসন্তপ্ত বাবা আবদুল্লাহ কুর্দি আগেই কানাডায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর গার্ডিয়ানের।
গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার নাগরিক আবদুল্লাহ কুর্দি বাড়িঘর ছেড়ে সপরিবারে গত সেপ্টেম্বরে তুরস্ক হয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লক্ষ্য ছিল পরে ইউরোপ থেকে কানাডায় যাওয়া। সেখানে আগে থেকেই রয়েছেন তাঁর বোন তিমা কুর্দি। কিন্তু ভূমধ্যসাগরে নৌকা ডুবে গেলে তিন বছরের শিশু আয়লান কুর্দি, তার পাঁচ বছর বয়সী ভাই ও মা মারা যান। পরে আয়লানের লাশ সৈকতে ভেসে ওঠে। তার নিথর দেহের ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বজুড়ে ঝড় তোলে।
আয়লানের চাচা মোহাম্মদ কুর্দি, তাঁর স্ত্রী ও পাঁচ সন্তান জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে রওনা হয়ে সোমবার কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে পৌঁছান। তাঁদের স্পনসর করেন আয়লানের ফুফু তিমা কুর্দি। বিমানবন্দরে ফটকে তিনিই সাত স্বজনকে স্বাগত জানান। এ সময় তিমা কান্নায় ভেঙে পড়েন।
বিমানবন্দরে সিরীয় পরিবারটিকে ঘিরে ধরেন গণমাধ্যমের কর্মীরা। এ সময় মোহাম্মদ কুর্দির কিশোর ছেলে শেরগো বলে, সে আবার স্কুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চায়।
মোহাম্মাদ কুর্দি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি খুশি! খুবই খুশি!’ নিজের স্বপ্ন পূরণ করায় কানাডা সরকারকে ধন্যবাদ দেন তিনি।
কানাডা সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে যে ২৫ হাজার সিরীয় শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে, তার অংশ হিসেবেই আয়লানের এই স্বজনেরা দেশটিতে গেলেন।
আয়লানের বাবা আবদুল্লাহ কানাডায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন। বর্তমানে তিনি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বাস করছেন। তবে আবদুল্লাহর বোন তিমা কুর্দি সোমবার বলেন, তাঁর ইচ্ছা এ ভাইও কানাডায় আসুন।