নতুন জীবনের আশায় ‘নেকড়ে পরিবার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো মুখে চুল। পুরো পরিবারের সবারই একই অবস্থা। দেখতে অনেকটা নেকড়ের মতো মনে হয়। কিন্তু আর ১০টা মানুষের মতো স্বাভাবিক চেহারা ফিরে পেতে চান তাঁরা। তাই গতকাল রোববার ওই পরিবারের সব সদস্য এসেছেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে।বিরল জিনগত সমস্যার কারণে নেপালের ওই কৃষক পরিবারের লোকজনের মুখমণ্ডলের এই অবস্থা। তাঁদের বসবাস তিব্বত সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিম নেপালের প্রত্যন্ত এলাকার গ্রাম খারে। পরিবারটির গৃহিণী ৩৭ বছর বয়স্ক দেবী বুদ্ধথোকি, তাঁর ১২ বছরের মেয়ে এবং ১৩ ও পাঁচ বছরের দুই ছেলের একই সমস্যা। মুখমণ্ডলে অস্বাভাবিকভাবে চুল গজানোর কারণে নিয়মিতই তাঁদের অপদস্ত হতে হয়।চিকিৎসাবিজ্ঞানের মতে, বুদ্ধথোকি ও তাঁর পরিবারের সদস্যরা যে সমস্যায় আক্রান্ত তার ইংরেজি নাম হাইপারট্রিসোসিস। এটা এমন একটা জিনগত সমস্যা, যা সচরাচর দেখা যায় না। আক্রান্ত ব্যক্তিদের পুরো মুখমণ্ডলে অস্বাভাবিক লোম গজানোর ফলে দেখতে কিছুটা নেকড়ের মতো লাগে। এটি ‘ওয়্যারউলফ সিনড্রম’ নামেও পরিচিত। বুদ্ধথোকি বলেন, ‘যখনই আমরা জানতে পেরেছি, হাসপাতালে আমাদের চিকিৎসা করানো হবে, তখন থেকেই আমার সন্তানেরা নতুন জীবনের আশায় মুখিয়ে আছে।’ বুদ্ধথোকি আরও বলেন, তিনি নিজের চেয়ে সন্তানদের জন্যই বেশি উদ্বিগ্ন। কেননা, তারা বিদ্যালয়ে যেতে পারে না। বাইরে সবার কাছে উপহাসের পাত্র হয়। তবে এখন তারা খুশি। কারণ, তাদের চিকিৎসা সফল হতে যাচ্ছে।পরিবারের মোট চারজন এ রোগে আক্রান্ত। তবে বুদ্ধথোকি ও তাঁর স্বামী নারার সাত বছরের একটি ছেলে ও ১৭ বছরের একটি মেয়ের এ সমস্যা নেই।কাঠমান্ডু মডেল হাসপাতালের শল্যচিকিৎসক শঙ্কর মান জানান, লেজার চিকিৎসার মাধ্যমে তাদের মুখমণ্ডলের অপ্রয়োজনীয় লোম অপসারণ করা হবে। এএফপি।