নতুন জীবনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পুরো মুখমণ্ডল পুড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিচ হান্টারের। বেঁচে থাকার সব প্রেরণা হারিয়ে ফেলেছিলেন প্রায়। কিন্তু বিরল ও জটিল এক অস্ত্রোপচারের সুবাদে এখন নতুন জীবনের আহ্বান শুনতে পাচ্ছেন তিনি।শল্যচিকিৎসকেরা হান্টারের মুখমণ্ডল সফলভাবে প্রতিস্থাপন করেছেন। সারা বিশ্বে এ পর্যন্ত মাত্র কয়েকজনের এ রকম অস্ত্রোপচার হয়েছে। হান্টারের বয়স তখন ২০। এক দিন তাঁর গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ১০ হাজার ভোল্ট বিদ্যুতের ধারণক্ষমতার তার ছিল ওই খুঁটিতে। সঙ্গে থাকা একজনকে বাঁচাতে গিয়ে তারের সংস্পর্শে আসেন হান্টার। একটি পা পুড়ে অঙ্গার হয়ে যায়। পুড়ে যায় পুরো মুখমণ্ডলও। এরপর প্রায় ১০ বছর সময়ে চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও হান্টারের চেহারা খুব একটা স্বাভাবিক করতে পারেননি। একসময় হান্টারের ছেলে ক্লেটনের জন্ম হয়। তখন তিনি চূড়ান্তভাবে মুখমণ্ডল প্রতিস্থাপন করানোর সিদ্ধান্ত নেন যাতে ছেলে তাঁকে দেখে ভয় না পায়। এতদিন মায়ের পেছনে দাঁড়িয়ে লুকিয়ে বাচ্চাকে দেখতেন হান্টার যা ছিল খুবই বেদনাদায়ক।মার্কিন সামরিক বাহিনী ও বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস হাসপাতালের সহায়তায় হান্টারের মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়। আফগান যুদ্ধে অনেক মার্কিন সেনা এমনভাবে আহত হয়। তাই মুখমণ্ডল প্রতিস্থাপনে গবেষণাধর্মী এ উদ্যোগে এগিয়ে এসেছে মার্কিন বাহিনী।হান্টারের মুখমণ্ডল প্রতিস্থাপনের ১৪ ঘণ্টার অস্ত্রোপচারটি হয়েছে চিকিৎসক বোহডান পোমাহ্যাকের নেতৃত্বে। প্রথমে হান্টারের ক্ষতিগ্রস্ত মুখের ত্বক ও মাংসপেশি পুরোটা তুলে ফেলা হয়। তারপর নাক, ঠোঁটসহ নতুন মুখটি বসিয়ে তার সঙ্গে শরীরের কয়েকটি ধমনি ও স্নায়ু যুক্ত করা হয়। সর্বশেষে সেলাই করে জুড়ে দেওয়া হয় মুখ। চিকিৎসক পোমাহ্যাক বলেন, ১৮ মাসের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন হান্টার। তাঁর অস্ত্রোপচার এতই সফল হয়েছে যে ছেলে ক্লেটনের সঙ্গে চেহারার মিলও পেয়েছেন বিবিসির সাংবাদিক। বিবিসি।