নতুন তথ্যচিত্রে চে গুয়েভারার অজানা তথ্য প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি তথ্যচিত্র থেকে বিপ্লবী চে গুয়েভারা সম্পর্কে অজানা তথ্য জানা গেছে। আর্জেন্টিনায় জন্ম নেওয়া এ বিপ্লবীর ব্যক্তিগত জীবনের বেশ কিছু অপ্রকাশিত ছবি ও লেখা ওই তথ্যচিত্রে স্থান পেয়েছে। গত সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে তথ্যচিত্রটি প্রদর্শনের আগে এ কথা জানান চের ছেলে ক্যামিলো।৪৮ বছর বয়সী ক্যামিলো বলেন, ‘কঙ্গোর উদ্দেশে রওনা দেওয়ার আগে আমার মায়ের প্রতি বিদায়সম্ভাষণে চে কবিতা আবৃত্তি করেন। তাঁর সে আবৃত্তি আমাকে সে সময় খুব নাড়া দেয়। ওই সময় আমার বয়স ছিল তিন বছর। বিদায় সম্পর্কে আমার কিছুই মনে নেই।’ তথ্যচিত্রে যে আবৃত্তির অংশটি রয়েছে, সেটি ধারণ করা হয় চের মৃত্যুর দুই বছর আগে, ১৯৬৫ সালে।চে, উন ওমব্রে নুয়েভো বা চে, একজন নতুন মানুষ নামের ওই তথ্যচিত্র প্রদর্শনের জন্য হাভানা থেকে আর্জেন্টিনা এসেছেন ক্যামিলো। চের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তথ্যচিত্রটির নির্মাতা আর্জেন্টাইন পরিচালক ত্রিস্তান বয়ারকে সহযোগিতা করতেই তাঁর সঙ্গে ভ্রমণ করছেন ক্যামিলো। তথ্যচিত্রটি ইতিমধ্যে কিউবার ৩৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। কিউবায় চে একজন জাতীয় বীর হিসেবে সম্মানিত।তথ্যচিত্রটি নির্মাণ করতে ১২ বছর সময় নেন বয়ার। ২০০৮ সালে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের কাছ থেকে কিছু নোটবই, দিনলিপি ও অন্যান্য রচনা পান তিনি। ২৩ বছর ধরে রাষ্ট্রীয় গোপন দলিল হিসেবে সেগুলো বলিভিয়ায় সংরক্ষিত ছিল। এ গবেষণায় চের হাতে লেখা সর্বশেষ চিঠির আসল কপি উদ্ধার করেন বয়ার। এ ছাড়া চের শৈশবের কিছু দুর্লভ আলোকচিত্রও দেখা যাবে তথ্যচিত্রটিতে। এএফপি।