নতুন তেলেঙ্গানা রাজ্যের অর্থ
অন্ধ্র প্রদেশ রাজ্য ভেঙে নতুন রাজ্য তেলেঙ্গানা গঠনের ঘোষণা দিয়েছে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। এর প্রভাব কী হতে পারে, তা বিশ্লেষণ করেছেন লন্ডনের কিংস কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক এবং ‘রিম্যাপিং ইন্ডিয়া: নিউ স্টেটস অ্যান্ড দেয়ার পলিটিক্যাল অরিজিনস’ বইয়ের লেখক লুইস তিল্লিন।
পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছিল সরকারের এই ঘোষণায় তার অবসান হবে। কিন্তু নতুন রাজ্যের সীমানা নিয়ে নতুন করে বিবাদ সৃষ্টি হবে।
তেলেঙ্গানা রাজ্যের জন্য আন্দোলন চলেছে কয়েক দশক ধরে এবং একপর্যায়ে তা তুঙ্গে ওঠে। এই আন্দোলনকে কেন্দ্র ভোটের জোটের ভাঙাগড়াও চলেছে। সবশেষে মঙ্গলবারের ঘোষণার পেছনে দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ের চেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে আগামী বছরের সাধারণ নির্বাচন সামনে রেখে কংগ্রেসের স্বল্পমেয়াদি হিসাবনিকাশ।
ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে ভাষার ভিত্তিতে গঠন করা কোনো রাজ্য এই প্রথম ভাঙনের শিকার হলো। তেলেগু ভাষার ভিত্তিতেই গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য। ১৯৫০-এর দশকে প্রশাসনিক ইতিহাসের পরিবর্তে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের সবচেয়ে জোরালো আন্দোলন হয়েছিল ওই অন্ধ্র অঞ্চলেই। ব্যাপক আন্দোলনের মুখে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু মূলত দ্বিভাষী মাদ্রাজ রাজ্য ভাঙতে বাধ্য হয়েছিলেন। তেলেঙ্গানার তেলেগু ভাষার অঞ্চলগুলো যোগ হয়েছিল নতুন রাজ্য অন্ধ্রপ্রদেশের সঙ্গে। দক্ষিণ ও পশ্চিম ভারতে পরবর্তী সময়ে ভাষার ভিত্তিতে আরও রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে।
সব মিলিয়ে ভারতের বেশির ভাগ রাজ্যের এখন নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। দেশের প্রধান ভাষা হিন্দিতে কথা বলে প্রায় ৪০ শতাংশ মানুষ এবং তারা ছড়িয়ে-ছিটিয়ে আছে দেশজুড়ে। তবে ভাষার ভিত্তিতে এভাবে রাজ্য ভাঙার বিরোধিতা করেছিলেন জওহর লাল নেহরু। তাঁর আশঙ্কা ছিল এতে করে একক রাষ্ট্র হিসেবে ভারতের প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে এবং বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত হবে। এরপর ভারতের রাজনীতিতে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
১৯৮৯ সালের পর ভারতে সাধারণ নির্বাচনে জাতীয় কোনো দল দেশজুড়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গঠন করতে হয়েছে জোট সরকার। এসব সরকার গঠনের অন্যতম নিয়ামক আঞ্চলিক দলগুলো। ওই সব দলের শক্তির উৎস ভাষাভিত্তিক আঞ্চলিক জাতীয়তাবাদ।
নতুন নতুন রাজ্য গঠনের ফলে ভারত ভেঙে যায়নি। বরং এতে করে আঞ্চলিক আশা-আকাঙ্ক্ষা জায়গা করে নিতে পেরেছে রাজনীতিতে। সাম্প্রতিক সময়ে হিন্দি ভাষাভাষী অঞ্চলেও কয়েকটি নতুন রাজ্য গঠিত হয়েছে। এসব ক্ষেত্রে ভাষা খুব বড় কোনো বিবেচ্য বিষয় ছিল না।
বিগত দশকে আদিবাসী পরিচিতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে দুটি নতুন রাজ্য ছত্তিশগড় ও ঝাড়খণ্ড। উত্তর প্রদেশের পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত হয় উত্তরাখণ্ড।
আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, শুধু নতুন রাজ্য গঠন করলেই এসব আঞ্চলিক বৈষম্য দূর হয় না। নতুন রাজ্য পাওয়ার পর প্রয়োজন পড়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব গঠন, নতুন করে প্রশাসনিক অবকাঠামো নির্মাণ, রাজ্যের রাজস্ব বৃদ্ধি আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা অর্জন। সূত্র: বিবিসি।