নতুন দল গঠন করে রাজনীতিতে ফিরলেন এল বারাদি
মিসরের সংস্কারবাদী নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ এল বারাদি নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে আবারও রাজনীতিতে ফিরলেন। গত শনিবার তাঁর এই দল আত্মপ্রকাশ করেছে। মিসরবাসীকে ঐক্যবদ্ধ করা ও দেশের বিপ্লবকে চলমান বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাঁচানোই এ দলের মূল লক্ষ্য।দ্য কনস্টিটিউশন পার্টি নামে নতুন ওই দল গঠনের মাধ্যমে এল বারাদি জনতার কাতারে নিজেকে আবারও সক্রিয় করলেন। অথচ গত জানুয়ারি মাসে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, দেশের এই কর্দমাক্ত ক্রান্তিকালে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বিশ্লেষকেরা জানান, দেশের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের মাত্র চার মাস আগে তাঁর ওই ঘোষণায় মধ্য ও বামপন্থীরা বিশেষভাবে আশাহত হন। আগামী ২৩ মে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের কথা। গত বছরের ফেব্রুয়ারিতে এক গণ-অভ্যুত্থানে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাতে মধ্য ও বামপন্থীদের বড় ভূমিকা ছিল। এদের অনেকেই এল বারাদিকে মিসরে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন ঐক্যের নেতা বলে মনে করে থাকেন। কিন্তু মোবারক-পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচনে তাঁরা ইসলামপন্থীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। শক্তিশালী মুসলিম ব্রাদারহুড ও জনপ্রিয় অতিরক্ষণশীল সালাফিরা সম্মিলিতভাবে প্রায় ৭০ শতাংশ আসন দখল করে পার্লামেন্টে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিক্রিয়ায় শনিবার সমর্থক ও উপস্থিত সাংবাদিকদের এল বারাদি বলেন, ‘এই দলের লক্ষ্য হলো, মহান ২৫ জানুয়ারি বিপ্লবকে রক্ষা করা। যা এখন অনেকটাই লক্ষ্যচ্যুত, এমনকি নস্যাৎ হওয়ারও সম্মুখীন। এ ছাড়া আমাদের ঐক্য ধরে রাখাও এর আরেকটি লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন যে এক নাজুক সময় পার করছি, যখন বিপ্লব সংগঠিত হয়, তখন তা কল্পনায়ও ছিল না।’ জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও নোবেল পুরস্কার বিজয়ী বারাদি বলেন, তাঁর দল আনুষ্ঠানিকভাবে এখনো নিবন্ধিত হয়নি। তবে মিসরে মধ্যপন্থী দলের প্রতিনিধিত্ব করতে তাঁর পার্টি দুই থেকে তিন মাসের মধ্যেই কাজ শুরু করতে প্রস্তুত। এপি।