নতুন দল গঠনের পরিকল্পনা করছেন কিরণ রেড্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি নতুন দল গঠনের চিন্তা করছেন। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে গতকাল রোববার ক্ষমতাসীন কংগ্রেস থেকে বহিষ্কৃত পার্লামেন্টের ছয়জন সদস্য ও তাঁর অনুগত রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।
অন্ধ্র প্রদেশ ভাগ করে নতুন তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে কিরণ রেড্ডি গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর পদ ও কংগ্রেস থেকে পদত্যাগ করেন। রাজ্যের সীমান্ধ্র অঞ্চলে একটি নতুন রাজনৈতিক দল গঠনে নিজ পরিকল্পনা নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে কংগ্রেস থেকে বহিষ্কৃত পার্লামেন্ট সদস্য এল রাজাগোপাল, সাব্বাম হারি, ভি অরুণ কুমার, সাঁই প্রতাপ, হর্ষ কুমার ও আর সাম্বাসিভা রাও যোগ দেন। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় অনাস্থা প্রস্তাব আনায় এই এমপিরা বহিষ্কৃত হন।
অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনসংক্রান্ত বিল সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে। এ বিল পাসের পরই কিরণ রেড্ডি মুখ্যমন্ত্রী ও দলীয় পদ থেকে পদত্যাগ করেন। আইএএনএস।