নতুন দলের নিবন্ধন করলেন দ. আফ্রিকার জুলিয়াস মালেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ইয়ুথ লিগের সাবেক নেতা জুলিয়াস মালেমা গত বুধবার নতুন দলের নিবন্ধন করেছেন। মালেমার লক্ষ্য, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেওয়া। তাঁর নতুন দলের নাম ইকোনমিক ফ্রিডম ফাইটার্স।
মালেমার দলের লক্ষ্য হবে, দেশের ভূমি পুনর্বণ্টন ও খনি জাতীয়করণের চেষ্টা করা। গত জুলাইয়ে মালেমা নতুন দল গঠন করেন। তবে তখন বলেননি তাঁর দল আগামী নির্বাচনে অংশ নেবে কি না।
নতুন দলের যাত্রা উপলক্ষে মালেমা বলেন, বিশ্বের নিপীড়িত ও প্রতারিত মানুষেরা এখন সত্যিকারের সাম্রাজ্যবাদবিরোধী কর্মসূচি দেখতে পাবে। বিনা মূল্যে মানসম্পন্ন শিক্ষা, চিকিৎসা ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করবে তাঁর দল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ক্ষমতাসীন এএনসি পার্টির যুব শাখা থেকে গত বছর মালেমাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে মালেমা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।
জুলিয়াস মালেমা গরিব ও তরুণদের কাছে জনপ্রিয়। বিবিসি।