নতুন নির্বাচনের বিষয় নাকচ করে দিলেন গিলার্ড
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সরকার গঠন নিয়ে অচলাবস্থা সত্ত্বেও শিগগির নতুন নির্বাচনে ফেরার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি ‘একটি নতুন রাজনৈতিক দৃশ্যপটের’ প্রতিশ্রুতি দিয়েছেন।আবার সরকার গঠন করতে পারলে বেশ কিছু পার্লামেন্টারি সংস্কার করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জুলিয়া গিলার্ড।গতকাল মঙ্গলবার ক্যানবেরায় জাতীয় প্রেসক্লাবে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, ‘অনেকে বলছেন পরিস্থিতি খুবই জটিল এবং আমাদের নির্বাচনে ফেরত যাওয়া উচিত। কিন্তু আমি এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি।’ নির্বাচনের পর এটাই প্রধানমন্ত্রী গিলার্ডের প্রথম বড় ধরনের ভাষণ।প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, ‘অস্ট্রেলিয়ার জনগণ এই পার্লামেন্টের জন্য ভোট দিয়েছেন এবং আমাদের কাজ সংসদকে কার্যকর করা।’২১ আগস্টের সাধারণ নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি। ৮৬ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী গিলার্ডের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ৭২টি আসন। বিরোধী নেতা টনি অ্যাবটের নেতৃত্বাধীন লিবারেল-ন্যাশনাল জোট পেয়েছে ৭৩টি আসন। সরকার গঠনের জন্য দরকার ৭৬টি আসন।বর্তমান পরিস্থিতিতে স্বতন্ত্র চার এমপি ও গ্রিন পার্টির এমপি ‘কিংমেকার’ হয়ে উঠেছেন। কোন দল সরকার গঠন করবে, তা নির্ভর করছে তাঁদের সমর্থনের ওপর।গ্রিন দলের একমাত্র এমপি লেবার পার্টিকে সমর্থন করবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।