নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে আলোচনায় রাজি হবে না ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি হবে না ইরান। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। খবর এএফপির।ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার ও তার মিত্র যদি মনে করে থাকে প্রস্তাবের ছড়ি ঘুরিয়ে আমাদের আলোচনায় বসাবে, তাহলে তারা খুব ভুল করবে।’ তিনি বলেন, ‘নিরপেক্ষ পরিবেশ ও শ্রদ্ধার ভাব থাকলে আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। কিন্তু কেউ যদি কর্তৃত্বের ভাব নিয়ে রূঢ়ভাবে আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাহলে এর জবাব এর মধ্যে জানা হয়ে গেছে তাদের।’ইরানের ওপর চতুর্থ নিষেধাজ্ঞা প্রস্তাব আনার প্রস্তুতি নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ ব্যাপারে গতকাল তাদের রুদ্ধদ্বার বৈঠকে বসার কথা। এর আগে সোমবার অনুষ্ঠিত বৈঠকে এই বিশ্ব সংস্থার ১৫ সদস্য নিষেধাজ্ঞার ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়।