নির্বাচনে হাসান রুহানির বিজয়ের খবর টেলিভিশনে ঘোষণার পরপরই ইরানের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে তারা। অনেকের উদ্যাপনের কারণ ছিল, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের যুগের অবসান। চিৎকার করে তারা বলেছে, ‘বিদায় আহমাদি’!খাদের কিনারা থেকে ইরানকে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় লাভ করেছেন রুহানি। তিনি ঘোষণা দিয়েছিলেন, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে উদ্যোগ নেবেন। মূল্যস্ফীতি হ্রাসে মনোযোগী হবেন। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট কী তাঁর এসব প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন?দায়িত্ব গ্রহণের পর রুহানিকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের কারণে ইরানিরা যে চাপের মধ্যে রয়েছে তা থেকে তাদের মুক্তি দিতে হবে রুহানিকে। এ ছাড়া নতুন প্রেসিডেন্টের কাছে তাদের অন্যতম প্রধান দাবি, রাজবন্দীদের মুক্তি। যুক্তরাজ্যেরগার্ডিয়ান পত্রিকার তথ্যমতে, ইরানে বর্তমানে প্রায় আট শ রাজনীতিক কারাগারে রয়েছেন।গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাধানে পৌঁছাতে হলে মধ্যপন্থী রুহানিকে অবশ্যই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ইরানে অনেক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ইস্যুতে ধর্মীয় নেতাই হচ্ছেন শেষ কথা। প্রবৃদ্ধির হার আশঙ্কাজনক হারে কমে গিয়ে ইরানে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির হার প্রায় ৩৬ শতাংশ। সত্যিকারের চিত্র আরও ভয়াবহ। খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতির হার ৫৫ শতাংশে গিয়ে ঠেকেছে। বেকারত্বের হার প্রায় ১২ শতাংশ, দিন দিন তা বেড়েই চলেছে। সরকারি অব্যবস্থাপনা তো মহামারি রূপ নিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এর প্রধান কারণ। ইরানের ব্যাংকগুলোর ওপরও নিষেধাজ্ঞা চলছে। এ কারণে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে রুহানির কাছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অবসানের বিকল্প নেই।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচনপূর্ব টেলিভিশন বিতর্কে রুহানি বলেছিলেন, এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি প্রস্তাব করেন, ইরানের যেমন আলোচনায় আরও সক্রিয় হতে হবে, পাশাপাশি পরমাণু কর্মসূচির ক্ষেত্রে আরও স্বচ্ছ হতে হবে। কিন্তু বলা যত সহজ, করা তত সহজ নয়। পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো পদক্ষেপ নিতে চাইলে রুহানিকে অবশ্যই সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সমর্থন পেতে হবে। অন্যথায় তাঁর সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য।