নতুন পথে এগোতে চান নেতানিয়াহু আব্বাসের জোর সীমানার ওপর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির জন্য গতানুগতিক পথে না গিয়ে একটি ‘নতুন ও সৃজনশীল পন্থায়’ আলোচনা চালাতে হবে। ওয়াশিংটনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করে দেশে ফেরার পর গতকাল তিনি এ কথা বলেন। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আলোচনা সফল করতে সীমান্ত ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।নেতানিয়াহু বলেন, ১৭ বছর ধরে যে প্রক্রিয়ায় আলোচনা করে শান্তিচুক্তি করার চেষ্টা চালানো হয়েছে তা থেকে দুই পক্ষকেই শিক্ষা নিতে হবে। তিনি বলেন, গতানুগতিক পথে এগুলো সফল হওয়া সম্ভব হবে না। এ জন্য বাক্সবন্দী ধারণার বাইরে এসে নতুন ও সৃজনশীল উপায় বের করতে হবে। তবে তিনি নিজে কোনো নতুন উপায়ের কথা বলেননি।এদিকে মাহমুদ আব্বাস বলেছেন, তাঁদের পক্ষ থেকে তাঁরা সীমানা নির্ধারণের বিষয়টিকে সব চেয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিন ভুখণ্ডে বসতি স্থাপন বন্ধ করে তাহলে ঐকমত্যে পৌছানো সহজ হবে। অন্যথায় এ আলোচনার মাধ্যমে চুক্তি পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়বে।আহমাদিনেজাদের মন্তব্যে ফিলিস্তিনের সমালোচনা: ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পুনরায় সরাসরি শান্তি আলোচনা শুরু করার বিষয় নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রোদেইনা এক বিবৃতিতে বলেন, মাহমুদ আহমাদিনেজাদ ইরানের জনগণের প্রতিনিধিত্ব করেন না এবং কারচুপির নির্বাচন ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখলকারী ইরানের প্রেসিডেন্টের ফিলিস্তিন, তার প্রেসিডেন্ট ও প্রতিনিধিদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।’ ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ কথা জানায়।আহমাদিনেজাদ এর আগে পশ্চিমা সমর্থনপুষ্ট আব্বাস ইসরাইলের কাছে জিম্মি বলে আখ্যায়িত করে বলেন, ওয়াশিংটনে বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শুরু হওয়া বৈঠকের কোনো বৈধতা নেই এবং ফিলিস্তিনিদের নামে মাহমুদ আব্বাসের ছাড় দেওয়ার কোনো অধিকার নেই। এএফপি।