নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সোমালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় প্রায় ২০ বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে দেশটির মানুষ। তবে বিশ্লেষকেরা বলছেন, এই পরিকল্পনায় সোমালিয়ার সমস্যা সমাধানের নতুন কোনো পথের কথা উল্লেখ করা হয়নি।এদিকে গতকাল শুক্রবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় জঙ্গিসংগঠন আল-শাবাবের চার সদস্য নিহত হয়েছে।সন্ত্রাসবাদ, জলদস্যুতা, গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষে জর্জরিত সোমালিয়ার ভবিষ্যৎ নিয়ে গত বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের অন্তত ৪০টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এতে অংশ নেন। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর মুদি দোকানি ওসমান ডেনিয়েল বলেন, ‘এত বেশি আন্তর্জাতিক নেতা সোমালিয়া নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দেওয়ায় বোঝা যায়, সোমালিয়ার প্রতি তাঁদের আগ্রহ আছে। আমরা আশা করি, এভাবেই সোমালিয়া পরিস্থিতির উন্নতির পথ পাওয়া যাবে।’ মোগাদিসুর বাসিন্দা মুহিদিন আবদুলাহি বলেন, ‘এক দিনের সম্মেলনে কখনোই সোমালিয়ার প্রত্যাশা পূরণ হবে না। এর পরও সম্মেলনে যে মতৈক্য হয়েছে, তা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ।’ গতকাল মোগাদিসু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে হেলিকপ্টার থেকে একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ওই গাড়িতে থাকা আল-শাবাবের চার সদস্য নিহত হয়। স্থানীয় বাসিন্দারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। গোয়েন্দা কর্মকর্তারা অবশ্য বিস্ফোরণে তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এএফপি।