পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার এ কথা ঘোষণা করে তারা বলেছে, এই ক্ষেপণাস্ত্র বেইজিং, সাংহাইসহ চীনের বড় বড় শহরে আঘাত হানতে সক্ষম। তবে এ ধরনের হামলার আশঙ্কা নাকচ করে চীন বলেছে, ভারত তাদের প্রতিপক্ষ নয়।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল স্থানীয় সময় সকাল আটটার দিকে পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার উপকূলীয় দ্বীপের উৎক্ষেপণ-মঞ্চ থেকে ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এটি পাঁচ হাজার কিলোমিটার (তিন হাজার ১০০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে এটি এক টন পরিমাণ ‘যুদ্ধাস্ত্র’ বয়ে নিয়ে যেতে পারবে। এ ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রভান্ডারে যুক্ত করতে আরও কিছু ছোটখাটো পরীক্ষা চালাতে হবে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ক্ষেপণাস্ত্রের এই সফল উৎক্ষেপণ চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ভারতের চেষ্টার ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি। এর মাধ্যমে ভারত বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে সম্মানজনক আসনে জায়গা করে নিল।ক্ষেপণাস্ত্রটির এই সফল উৎক্ষেপণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি দেশের প্রতিরক্ষাবিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী এই অর্জনকে ভারতের ‘ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একটি বড় মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছেন।এই সাফল্যের কারণে ভারতের সঙ্গে চীনের ক্ষেপণাস্ত্র শক্তির ব্যবধান বেশ কিছুটা কমে গেল বলে মন্তব্য করেছেন ভারতের কর্মকর্তারা। একই সঙ্গে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের অধিকারী দেশগুলোর কাতারে দাঁড়ানোর পথ উন্মুক্ত করল ভারত। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ: যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্রের অধিকারী।ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এর প্রধান ভি কে সরস্বত বলেন, ‘এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গোটা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে এ ধরনের ক্ষেপণাস্ত্রের তৈরি করার ক্ষমতা ভারতের আছে। আমরা আজ একটি ক্ষেপণাস্ত্র শক্তি।’সংস্কৃত ভাষায় অগ্নি মানে আগুন। ১৯৮৩ সাল থেকে ভারতে এই নামে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে।ভারতের নতুন সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন সাংবাদিকদের জানান, ভারতের এ খবর চীন বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি বলেন, ‘চীন ও ভারত উভয়ই উদীয়মান বড় দেশ। আমরা প্রতিপক্ষ নই, সহযোগী অংশীদার।’ এএফপি, পিটিআই।