নতুন প্রজাতির মাংসাশী প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার মাদাগাস্কারে নতুন প্রজাতির একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। প্রকৃতি সংরক্ষণবাদী জেরাল্ড ডারেলের সম্মানে বেজিসদৃশ এ প্রাণীর নাম দেওয়া হয়েছে ডারেলস ভন্টসিরা (সালানয়া ডারেলি)। এটি দেখতে অনেকটা বাদামি রঙের ভন্টসিরার মতো। ভন্টসিরা দেখতে বেজির মতো একটি প্রাণী।বিজ্ঞানীরা মাদাগাস্কারের সবচেয়ে বড় হ্রদ আলাওত্রায় প্রাণীটির সন্ধান পান। এর আকার বিড়ালের সমান। অন্য প্রাণীর আগ্রাসন ও দূষণের কারণে প্রাণীটির অস্তিত্ব হুমকির সম্মুখীন বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি।সিস্টেমেটিকস অ্যান্ড বায়োডাইভার্সিটি সাময়িকীতে বিজ্ঞানীরা প্রথম এ প্রাণীটির কথা বর্ণনা করেন। ২০০৪ সালে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের একটি দল প্রথম মাদাগাস্কারের আলাওত্রা হ্রদে প্রাণীটিকে সাঁতার কাটতে দেখে। তারা এটিকে একটি নতুন প্রজাতি হিসেবে সন্দেহ করে এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য ছবি তুলে রাখে। পরবর্তী সময়ে ওই দলের সদস্যরা ২০০৫ সালে ফিরে যান ওই হ্রদে। এরপর তাঁরা ওই প্রাণীর একটিকে ধরে এর বিস্তারিত পরিমাপ এবং রক্ত ও টিস্যুর নমুনা সংগ্রহ করেন। প্রাণিবিজ্ঞানীরা বাদামি লেজের ভন্টসিরার সঙ্গে তুলনামূলক পার্থক্য যাচাই করে এটি যে নতুন প্রজাতি, সে ব্যাপারে নিশ্চিত হয়েছেন। ডারেলস ভন্টসিরা ও বাদামি লেজের ভন্টসিরা দেখতে মোটামুটি একই রকম; কিন্তু তাদের গায়ের রঙে পার্থক্য রয়েছে। গবেষক দলের সদস্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ড. পলা জেনকিনস বলেন, নতুন এ প্রাণীর মাথার খুলি, দাঁত ও থাবার আকৃতি সম্পূর্ণ আলাদা। এটি নিঃসন্দেহে নতুন প্রজাতির একটি প্রাণী। নতুন স্তন্যপায়ী প্রাণী আবিষ্কার খুবই বিরলঘটনা। এর মধ্যেমাংসাশীপ্রাণীর আবিষ্কার আরো ব্যতিক্রমী ঘটনা। বিবিসি।