নতুন বছরকে বরণ করল বিশ্ববাসী
শীত ও ঠান্ডা উপেক্ষা করে আতশবাজি আর হইহুল্লোড়ের মধ্য দিয়ে ২০১০ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিডনি, হংকংসহ বিশ্বের বড় শহরগুলোতে নববর্ষের উত্সব আয়োজন করা হয়। নিরাপত্তাব্যবস্থা কড়াকড়ির মধ্যেই রাত জেগে বর্ষবরণ উত্সবে অংশ নেয় নাগরিকেরা। তবে ফিলিপাইনে নববর্ষের উত্সবে আনন্দ উদ্যাপনের সময় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় ৬০০ জন। এ ছাড়া থাইল্যান্ডে আতশবাজি প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।গতকাল শুক্রবার ফিলিপাইনের পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে নববর্ষ উদ্যাপন উপলক্ষে আতশবাজি ও ফাঁকা গুলি চালানোর সময় দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়।নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আতশবাজি প্রদর্শনী দেখতে লন্ডনের টেমস নদীর তীরে দুই লাখের বেশি মানুষ সমবেত হয়। ইংল্যান্ডের আরেকটি শহর এডিনবরায় বার্ষিক হগম্যানি উত্সবে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮০ হাজার। এদিকে কড়া নিরাপত্তার মধ্যেই ২০১০ সালকে বরণ করে নিয়েছে নিউইয়র্কবাসী। শীতল আবহাওয়া, তুষারপাত ও বৃষ্টি উপেক্ষা করে ম্যানহ্যাটন ও টাইম স্কয়ারে কয়েক হাজার মানুষ সমবেত হয়। মস্কোতে নতুন বছরকে বরণ করতে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ রেড স্কয়ারে সমবেত হয়। তাদের সঙ্গে অংশ নেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। অস্ট্রেলিয়ায় সিডনি হারবার এলাকায় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী দেখতে ১৫ লাখ মানুষ সেখানে সমবেত হয়।নতুন বছরের প্রথম প্রহরে হংকংয়ের সাগর তীরেও হাজারো মানুষের সমাবেশ হয়। সেখানে নয় হাজার আতশবাজি পোড়ানো হয়। প্যারিসে রঙিন আলোর প্রদর্শনী দেখতে আইফেল টাওয়ারের কাছে জড়ো হয় ৭০ হাজার মানুষ। এ ছাড়া জার্মানি, স্পেন, পোল্যান্ডেও বড় ধরনের বর্ষবরণ উত্সবের আয়োজন করা হয়। ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস ব্যাসিলিকায় গত বছরের শেষদিনের প্রার্থনায় অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। খবর এএফপির।