নতুন বছরে মানবিক সংকট বাড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী ২০১৫ সালে বিশ্বে ‘এল নিনো’ বা প্রচণ্ড খরাপ্রবণ আবহাওয়ার যে রেকর্ড দেখা গেছে তা আসছে নতুন বছরে আরও বিরূপ আকার নিতে পারে। ফলে ক্ষুধা ও নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার হুমকিতে পড়তে পারে কোটি কোটি মানুষ। খবর বিবিসির।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে, প্রতিকূল আবহাওয়ার প্রভাবে ২০১৬ সালে বিশ্বের কয়েকটি অঞ্চলে দেখা দিতে পারে প্রচণ্ড খরা। আবার অন্যত্র ভাসতে পারে বন্যায়। আবহাওয়ার বিস্ময়কর এই আচরণের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাব্য স্থানগুলোর অন্যতম আফ্রিকা। এ অঞ্চলে চলমান খাদ্য-সংকট আগামী ফেব্রুয়ারিতেই চরম আকার ধারণ করতে পারে। এ ছাড়া ক্যারিবীয় অঞ্চল এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোও আগামী ছয় মাসের মধ্যে আরও প্রতিকূল অবস্থার মুখে পড়তে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের নানা প্রান্তে মৌসুমি আবহাওয়ার প্রতিকূল ঘটনাগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকেই তুলে ধরছে। এতে বিঘ্ন ঘটছে প্রকৃতির স্বাভাবিক আচরণে। উষ্ণতা বৃদ্ধি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদায়ী বছরটি উষ্ণতম বছরের রেকর্ড গড়েছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক নিক ক্লিঞ্জম্যান বলেন, ‘কিছু সূচকে শক্তিশালী এল নিনোর রেকর্ডের বছর ছিল এটি। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বেশ কিছু দেশে আমরা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি দেখেছি। তীব্র খরার অভিজ্ঞতা হয়েছে ইন্দোনেশিয়ার। ভারতের মৌসুমি বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ১৫ শতাংশ কম। ব্রাজিল ও অস্ট্রেলিয়াতেও কম বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলছে আবহাওয়ার পূর্বাভাস।’
এদিকে খরার বিপরীতে বিভিন্ন স্থানে যেভাবে বন্যা হচ্ছে তাতে নতুন বছর থেকেই মানবিক সংকট তীব্রতর হওয়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। এদের কর্মকর্তারা বলছেন, বর্তমানে শুধু আফ্রিকা মহাদেশেই প্রায় ৩ কোটি ১০ লাখ লোক খাদ্য-সংকটের শিকার, যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এঁদের প্রায় এক-তৃতীয়াংশের বসবাস ইথিওপিয়ায়। ধারণা করা হচ্ছে, নতুন বছরে দেশটিতে ১ কোটি ২০ লাখ লোকের মানবিক সহায়তার প্রয়োজন হতে পারে।