নতুন বছরের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী কী ঘটবে ২০১৭ সালে? এই মুহূর্তে সব বিষয়ে আগাম বলা না গেলেও এই বছরে ছয়টি ঘটনা ঘটতে পারে। এ নিয়ে সিএনএনের প্রতিবেদন
১. সূর্যগ্রহণ
আগামী গ্রীষ্মেই এমন একটি সূর্যগ্রহণ দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লসটন এবং টেনেসির রাজধানী ন্যাশভিলের মতো কয়েকটি শহর দিনের বেলায়ই কয়েক মিনিটের জন্য অন্ধকারে ছেয়ে যাবে।

২. অত্যন্ত দ্রুতগতির ট্রেন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক হাইপারলুপ ওয়ান নামের একটি প্রতিষ্ঠান এমন গতির ট্রেন তৈরির উদ্যোগ নিয়েছে, যা ছুটবে উড়োজাহাজের গতিতে, তাও আবার কোনো ঝাঁকুনি ছাড়া। ২০১৭ সালেই এই ট্রেনের পরীক্ষা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

.
.

৩. সবখানেই ড্রোন
বিশেষজ্ঞরা বলছেন, ২০১৭ সালে হয়তো সব জায়গায় যখন-তখন ড্রোনের দেখা মিলবে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তো ড্রোন দিয়ে বৃষ্টি নামানোর চেষ্টা করছে। কয়েকটি প্রতিষ্ঠান এখনই ড্রোনের মাধ্যমে আকাশপথে গ্রাহকের দোরগোড়ায় পণ্য সরবরাহ করার কসরত শুরু করে দিয়েছে।

.
.

৪. অদ্ভুত দুধ
২০১৭ সালের শেষ নাগাদ বাজারে আসতে পারে কৃত্রিম দুধ, যা গরু ছাড়াই প্রস্তুত করা হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক পারফেক্ট ডে নামের একটি প্রতিষ্ঠান এ ধরনের দুধ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছে।

.
.

৫. ভার্চ্যুয়াল রিয়েলিটি
২০১৭ সালেই হয়তো ভার্চ্যুয়াল রিয়েলিটি বাস্তব রূপ লাভ করবে। নব্বইয়ের দশকে এ ধারণার যখন জন্ম হয়, তখন থেকে আজ অবধি একে ঘিরে সৃষ্ট হয়েছে নানা জল্পনা-কল্পনার। দক্ষিণ কোরিয়ার মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রচেষ্টা কিংবা যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল বা মাইক্রোসফটের চেষ্টা বলছে, ২০১৭ সালেই ভার্চ্যুয়াল জগৎকে বাস্তবতায় টেনে আনতে সক্ষম হবে তারা।

৬. মাথা প্রতিস্থাপন (!)
শিরোনাম পড়ে হয়তো ভ্রু কুঁচকে উঠতে পারে। তবে বিশেষজ্ঞ মহল বলছে, নতুন এ বছরে এই অসাধ্যও সাধন করে ফেলতে পারেন বিজ্ঞানীরা। ইতালির নিউরো সার্জন সেরজো কানাভেরো জানিয়েছেন, তিনি একজন স্বেচ্ছাসেবক পেয়েছেন, যিনি পেশিক্ষয় রোগে আক্রান্ত, এবং যাঁর এখন একটি দেহ দরকার। তবে কীভাবে ওই রোগীর মাথা অন্য দেহে প্রতিস্থাপন করা হবে, তা এখনো পরিষ্কার নয়। কানাভেরো জানিয়েছেন, দেড় শ জনের একটি দল এ অস্ত্রোপচারে সংশ্লিষ্ট থাকবে, যা ৩৬ ঘণ্টা ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। অত্যন্ত শীতল পরিবেশে অস্ত্রোপচারটি হবে এবং এ কাজে জৈব কাজে ব্যবহারযোগ্য আঠা এবং হীরার তৈরি ছুরি ব্যবহার করা হবে।