নতুন বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বান কি মুনের
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে দুই দিনের সফরে জেরুজালেম ও রামাল্লায় একাধিক বৈঠকের পর বিভিন্ন বক্তব্যে তিনি এ মনোভাব প্রকাশ করেন। খবর গার্ডিয়ান-এর।
সফরকালে বান কি মুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্তি প্রতিষ্ঠার জন্য সমঝোতায় পৌঁছাতে ‘নেতৃত্ব দেওয়ার’ আহ্বান জানান।
পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে বান কি মুন একে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দেন। তিনি বলেন, ‘এটা সঠিক সংকেত পাঠায় না। আমি ইসরায়েলি সরকারকে এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাই।’
এ ছাড়া মুন ফিলিস্তিন-ইসরায়েলের শান্তি আলোচনা নতুন করে শুরু করারও আহ্বান জানান নেতানিয়াহুকে।
সপ্তাহ দুয়েক আগে ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য প্রায় আড়াই হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করে।
অন্যদিকে নেতানিয়াহু জাতিসংঘের মহাসচিবকে ফিলিস্তিনিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের ‘একতরফা পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, ‘কেবল দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’
পূর্ব জেরুজালেমে সহিংসতা: এদিকে রয়টার্স জানায়, সোমবারের সহিংসতার পর ইসরায়েলি পুলিশ গতকাল মঙ্গলবার আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয়। শুধু ষাটোর্ধ্ব বয়সীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য উগ্রপন্থী ইহুদিরা মসজিদ প্রাঙ্গণে ঢুকলে ফিলিস্তিনিরা উত্তেজিত হয়ে ওঠে। পরে ইসরায়েলি পুলিশ মসজিদে অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরাও একে তাদের পবিত্র ধর্মীয় স্থান হিসেবে গণ্য করে।
এদিকে পশ্চিম তীরের এক মসজিদে গতকাল অগ্নিসংযোগ করা হয়েছে। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা এর জন্য ইসরায়েলি পাহারাদার দল ‘প্রাইস ট্যাগ’কে দায়ী করছে।