নতুন বান্ধবী জুটিয়েছেন কান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান তাঁর নতুন বান্ধবী মিরিয়াম অউফিরকে নিয়ে অবকাশ কাটাচ্ছেন। ভূমধ্যসাগরের করসিকা দ্বীপ এবং জেরুজালেমের ওয়েলিং ওয়াল (বিলাপ প্রাচীরের) এলাকায় তাঁদের একসঙ্গে দেখা গেছে।যৌন কেলেঙ্কারির অভিযোগে স্ত্রস-কানকে গত বছর আইএমএফের শীর্ষ পদ ছাড়তে হয়। স্ত্রী অ্যান সিনক্লেয়ারের সঙ্গে ওই ঘটনার পর তাঁর সম্পর্ক ভেঙে যায়। অ্যান মাত্র দুই সপ্তাহ আগে স্ত্রস-কানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এদিকে, স্ত্রস-কান ইতিমধ্যেই তাঁর নতুন বান্ধবী মিরিয়ামের সান্নিধ্যে অবস্থান করছেন। ফরাসি একটি টেলিভিশনের সংবাদ বিভাগের কর্মকর্তা মিরিয়ামের বয়স স্ত্রস-কানের চেয়ে ২০ বছর কম। এই দুজনের সম্পর্ক অল্প দিনের হলেও তা নিয়ে গুঞ্জন নতুন নয়। স্ত্রস-কান ও মিরিয়াম উভয়েই মরোক্কান বংশোদ্ভূত। দুই সন্তানের জননী মিরিয়াম নতুন এই সম্পর্কে জড়ানোর পর স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে। বন্ধু হিসেবে স্ত্রস-কান ও মিরিয়াম অনেক আগে থেকেই পরিচিত ছিলেন। তবে কান এবং মিরিয়ামের এই সম্পর্ক কতদিন টিকবে সে ব্যাপাওের সংশয় থেকেই যাচ্ছে। ডেইলি মেইল।