নতুন বাস্তবতার মুখোমুখি বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। শেষ পর্যন্ত তিনি সফল রাষ্ট্রনায়কের তকমা পরবেন, নাকি ব্যর্থ রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে নাম লেখাবেন, এখন সেটাই আলোচিত হচ্ছে চারদিকে।ওবামার কট্টর সমর্থকদের মতে, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবেই ইতিহাসে ওবামার স্থান নির্ধারিত হবে। তবে রক্ষণশীলদের অভিমত, ফাঁকা বুলি দিয়ে জনপ্রত্যাশা উসকে দেওয়ার মতো প্রতিশ্রুতিপ্রবণ নেতা তিনি।দ্বিতীয় দফায় ক্ষমতা নেওয়ার পর পুনর্নির্বাচনের রাজনৈতিক চাপ এখন আর প্রেসিডেন্ট ওবামাকে তাড়া করছে না। প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটলে আগামী বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের কর্মজীবীদের ন্যূনতম মজুরি বাড়বে। অনূর্ধ্ব চার বছরের সব শিশুর প্রাকশিক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। যুক্তরাষ্ট্রে পরিবেশবান্ধব জ্বালানিনীতি প্রণয়ন করা হবে। কর্মসংস্থান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।এ ছাড়া, ওবামার প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে সড়ক, মহাসড়ক ও সেতু নির্মাণ, পুনর্নির্মাণ বা সংস্কার করা হবে। সেবা ও জনকল্যাণ নিশ্চিত করেও রাষ্ট্রীয় ব্যয় যুক্তিসংগত পর্যায়ে হ্রাস করা হবে। বেশি আয়ের লোকজনের ওপর কর বাড়ানো হবে। অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ উন্মুক্ত করে দেওয়া হবে।প্রেসিডেন্ট বারাক ওবামার এসব প্রতিশ্রুতি ও কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের চেহারাই পাল্টে যাবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীরগতিতে হলেও চাঞ্চল্য ফিরে আসছে। সাধারণ জনপ্রিয়তায় ইতিবাচক অবস্থানে থাকলেও ওয়াশিংটনে বৈরী অবস্থার অবসান ঘটছে না। কংগ্রেসে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে অধিকাংশ উদ্যোগই মুখ থুবড়ে পড়ছে, আইন প্রণয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কেবল প্রেসিডেন্টের নির্বাহী আদেশ দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়নের কোনো সুযোগ নেই।সাম্প্রতিক সময়ে বাজেট প্রণয়ন ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক টানাপোড়েন আবার স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাস করার জন্য সেবা খাতের সংকোচন ঘটাতে চায় রিপাবলিকান দল। রিপাবলিকান দলের উদ্যোগ সফল হলে অনগ্রসর জনগোষ্ঠীর ওপর চাপ পড়বে। বেকার ভাতা ও স্বাস্থ্যসেবা অনুদানের মতো উদারনৈতিক কর্মসূচিগুলো সংকুচিত হয়ে আসবে। প্রেসিডেন্ট বারাক ওবামার সর্বজনীন স্বাস্থ্যবীমা আইন বাস্তবায়ন দুরূহ হয়ে পড়বে।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অর্থনীতিবিদ এমানুয়েল মায়েজ তাঁর গবেষণাপত্রে উল্লেখ করেছেন, গত এক দশকে যুক্তরাষ্ট্রের নিম্ন, মধ্য ও উচ্চবিত্তের আয়ের ফারাক বেড়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা উচ্চ আয়ের লোকজনের ওপর ভর্তুকি কর আরোপ করার প্রস্তাব করেছেন। রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাস ও কর বাড়ানো নিয়ে কার্যত অচলাবস্থা বিরাজ করছে মার্কিন কংগ্রেসে। উচ্চ আয়ের লোকজনের ওপর কর বাড়ানো নিয়ে কোনো আপসে নেই রিপাবলিকান দল। সম্প্রতি কানেকটিকাটে বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে তোলপাড় শুরু হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে রক্ষণশীলদের সঙ্গে ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও এখন বিভক্ত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন আগ্নেয়াস্ত্র আইন সহজ রাখার পক্ষে প্রচারণায় নেমেছে। অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রভাব ওয়াশিংটনেও স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থক তৃণমূল প্রচারণা গোষ্ঠী আগ্নেয়াস্ত্র ও সহিংসতার ভয়াবহতা নিয়ে প্রচারণায় নেমেছে। পরিবেশবান্ধব জ্বালানিনীতি প্রণয়ন নিয়েও বিভক্ত ওয়াশিংটন। ভেঙে পড়া অভিবাসন আইনের সংস্কার করার সরাসরি উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অভিবাসনের দেশ আমেরিকার নাগরিকেরাই অভিবাসননীতি নিয়ে বিভক্ত সবচেয়ে বেশি। গত নির্বাচনে অভিবাসীদের ব্যাপক সমর্থন পেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকানদের স্বপ্ন হচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইতিহাসে দ্বিতীয় জিমি কার্টার হিসেবে চিহ্নিত করা। উচ্চাভিলাষী পরিকল্পনা ও প্রতিশ্রুতি থাকলেও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক হিসেবেই উল্লেখ করে মার্কিন রক্ষণশীলেরা।