ভারত ও পাকিস্তানের মধ্যে শিগগিরই নতুন ভিসাব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ইসলামাবাদ সফরে যাচ্ছেন। সে সময় এ চুক্তি অনুমোদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে গত শুক্রবার জানানো হয়েছে, ৭ থেকে ৯ সেপ্টেম্বর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করবেন। দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।নতুন ভিসাব্যবস্থায় প্রথমবারের মতো দুই দেশের মধ্যে দলবদ্ধভাবে ভ্রমণ, প্রবীণ ও শিশুদের যাতায়াত এবং ব্যবসায়ীদের এক বছর মেয়াদে বহুমুখী প্রবেশাধিকারের সুযোগ দেওয়া হবে।তেহরানে ন্যাম সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পরই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত মে মাসেই দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নতুন ভিসাব্যবস্থা-সংক্রান্ত একটি চুক্তির কাঠামো চূড়ান্ত করা হয়। তবে চুক্তিটি রাজনৈতিক পর্যায়ে স্বাক্ষরিত হওয়া উচিত বলে মত প্রকাশ করে ওই সময় শেষমুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক তা স্থগিত করে দেন। এএফপি।