নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা, সিআইএপ্রধান ডেভিড পেট্রাউস
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লিওন প্যানেট্টাকে নিয়োগ দিয়েছেন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস জুন মাসের শেষের দিকে অবসরে গেলে প্যানেট্টা দায়িত্ব নেবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন লিওন প্যানেট্টা। তিনি প্রতিরক্ষামন্ত্রী হলে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন জেনারেল ডেভিড পেট্রাউস। পেট্রাউসের নিয়োগও চূড়ান্ত করেছেন প্রেসিডেন্ট ওবামা। লিওন প্যানেট্টা আগামী সেপ্টেম্বরে সিআইএর প্রধান হিসেবে কাজ শুরু করবেন। জেনারেল পেট্রাউস বর্তমানে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়া আফগানিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে রায়ান ক্রোকারকে নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান হিসেবে জেনারেল পেট্রাউসের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল জন অ্যালেন। তাঁর নিয়োগও চূড়ান্ত করেন প্রেসিডেন্ট ওবামা। এএফপি, বিবিসি।