নতুন মেয়র লেবার পার্টির জন বিগস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে নির্বাচিত হয়েছেন লেবার দলের প্রার্থী জন বিগস। তাঁর প্রাপ্ত ভোট ৩২ হাজার ৭৫৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রাবিনা খান পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট।
গত বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র ও একটি কাউন্সিলর পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন লেবার দলের প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার।
জন বিগসের বিজয়ের মাধ্যমে প্রায় ছয় বছর পর লেবার পার্টি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্ষমতা ফিরে পেল। গত ৭ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি হিসেবে নিয়েছিল লেবার পার্টি।
আগের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান ভোট জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে পদ হারানোর ফলে মাত্র এক বছরের মাথায় এই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নিষেধাজ্ঞার কারণে লুৎফুর রহমান এই নির্বাচনে প্রার্থী হতে পারেননি। তবে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাবিনা খানকে নিজের সমর্থিত প্রার্থী ঘোষণা করে তিনি ভোটের মাঠে সক্রিয় ছিলেন।
লেবার দল থেকে বহিষ্কৃত লুৎফুর মূলত বাংলাদেশি ভোটারদের একচেটিয়া সমর্থনে গত দুই দফা স্বতন্ত্র মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন।