ভারতের নতুন একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট নিয়ে একটি রকেট আজ সোমবার মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেছেন, জিস্যাট-১৪ নামে স্যাটেলাইটটি উৎক্ষেপণের মধ্য দিয়ে ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা হচ্ছে।
চেন্নাই শহর থেকে ১০০ কিলোমিটার উত্তরের শ্রীহরিকোটা থেকে আজ সোমবার বিকেলে জিএসএলভি-ডি৫ রকেটটি উৎক্ষেপণ করা হবে। এক হাজার ৯৮২ কিলোগ্রাম ওজনের জিস্যাট-১৪ ব্যবহূত হবে টেলিভিশন সম্প্রচার ও অন্যান্য যোগাযোগের কাজে। জিএসএলভি-ডি৫ রকেটের বিশেষত্ব হচ্ছে, এটির ওপরের স্তরে স্বল্প তাপ উৎপাদনকারী দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ২০১০ সালে জিএসএলভি-ডি৩ নামের একটি রকেটে এ ধরনের দেশীয় ইঞ্জিন ব্যবহারের চেষ্টা ব্যর্থ হয়েছিল। তাই রাশিয়ায় তৈরি ইঞ্জিনের ওপর নির্ভর করতে হয়েছে ভারতকে। রকেটটির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তরল হাইড্রোজেন ও অক্সিজেন।
১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত ভারত স্যাটেলাইটবাহী রকেটের ২৩টি উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। টাইমস অব ইন্ডিয়া।