নতুন রাজনীতির প্রতীক কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরবিন্দ কেজরিওয়াল। প্রকৌশলী কাম সরকারি চাকুরে থেকে রাজনীতিক হয়ে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটই বদলে দিয়েছেন। বছর খানেক আগে তিনি যখন এএপি দল গঠন করেন, তখন কেউ কেউ বিদ্রূপ করে মন্তব্য করেছিলেন, ‘ম্যাঙ্গো পিপল ইন বানানা রিপাবলিক’। সেই সমালোচনার জবাব দিয়েছেন প্রথম নির্বাচনেই দলকে সফলতার বন্দরে ভিড়িয়ে।
কেজরিওয়াল (৪৫) সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্বে দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় অবস্থান অর্জন করে। মূলত সাধারণ মানুষের আগ্রহের বিষয়গুলোকে এএপির মূল কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমেই কেজরিওয়াল সফলতার দেখা পেয়েছেন।
কেজরিওয়াল দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে গতানুগতিক রাজনীতির ধারাকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছেন। এএপি যে সামাজিক আন্দোলন শুরু করেছে, তা ঢেউ তুলেছে ভারতজুড়ে।
হরিয়ানা রাজ্যের হিসারে ১৯৬৮ সালের ১৬ আগস্ট জন্ম নেন কেজরিওয়াল। ২০১১ সালে লোকপাল বিল পাসের দাবিতে দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে আন্দোলনে নেমে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। মৃদুভাষী হলেও নীতির প্রশ্নে আপসহীন কেজরিওয়াল জন লোকপাল বিলের খসড়া তৈরি করতে সরকারের গঠিত কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ছিলেন। তবে সরকার তখন তাঁদের খসড়া প্রত্যাখ্যান করে এবং লোকপাল বিল পাস করতে রাজনীতিতে যোগ দিয়ে পার্লামেন্টে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওই চ্যালেঞ্জ গ্রহণ করেই রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন কেজরিওয়াল। গত বছরের ২৬ নভেম্বর তিনি আন্না হাজারের আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে গঠন করেন আম আদমি পার্টি।
শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখা কেজরিওয়াল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর আইআইটি থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৮৯ সালে টাটা ইস্পাত কোম্পানিতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নিয়ে সরকারের রাজস্ব বিভাগের কর্মকর্তা হন।
সরকারি কর্মকর্তা হিসেবেও কেজরিওয়াল সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি তথ্য অধিকার আইন (আরটিআই) বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র নাগরিকদের ক্ষমতায়নে ভূমিকা রাখায় উদীয়মান নেতা হিসেবে ২০০৬ সালে র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান। পিটিআই।