নতুন রাজনৈতিক দল গঠন করতে টোকিওর গভর্নরের পদত্যাগ
টোকিওর গভর্নর শিনতারো ইশিহারা (৮০) নতুন রাজনৈতিক দল গঠন করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি নতুন দল গঠনের পরিকল্পনা করছেন। শিনতারো বর্তমান দুই প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ জন্য ডানপন্থী রাজনীতিবিদদের নিয়ে তিনি একটি দল গঠন করবেন। শিনতারো চতুর্থ মেয়াদে টোকিওর গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ মেয়াদে তিনি গত এপ্রিলে দায়িত্ব নেন। ঔপন্যাসিক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া শিনতারো উসকানিমূলক জাতীয়তাবাদী বক্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত। চলতি বছরের শুরুতে সরকারি অর্থ দিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কিনতে চান বলে বক্তব্য দিয়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন। শিনতারোর মতে, জাপানের রাজনীতি বর্তমানে বেশ অসংগতিপূর্ণ। সবচেয়ে বড় অসংগতি রয়েছে জাপানের সংবিধানে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী (মার্কিন) বাহিনীর মাধ্যমে আরোপিত হয়েছিল। তখন জাপানিরা ছিল অসহায়।প্রবীণ এই রাজনীতিকের মতে, জাপানের সংবিধান সংশোধন করা প্রয়োজন। এর কারণে জাপানের সামরিক বাহিনীর কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিবিসি।