থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা গতকাল বৃহস্পতিবার নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছে৷ প্রধানমন্ত্রী ইংলাককে সাংবিধানিক আদালত অপসারণ করার পর গঠিত নতুন মন্ত্রিসভাকেও আদালত অপসারণ করতে পারেন-ক্ষমতাসীন দল এমন আশঙ্কা প্রকাশের পর এই ঘোষণা এল৷ বিরোধীদের এই ঘোষণা চলমান সংকট আরও ঘনীভূত করতে পারে৷
এদিকে ইংলাককে গতকাল ধান ক্রয় খাতে ভর্তুকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত করেছে থাইল্যান্ডের দুর্নীতিবিরোধী সংস্থা৷ এ নিয়ে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হবে৷ সিনেট ইংলাককে অভিশংসন করলে তিনি রাজনীতিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন৷
২০১১ সালে থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান থাবিল প্লিয়েনশ্রিকে বদলির ঘটনায় সাংবিধানিক আদালত গত বুধবার ইংলাক ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে অপসারণ করেন৷ নিজের একজন আত্মীয়কে থাবিলের স্থলাভিষিক্ত করার মাধ্যমে ইংলাক ক্ষমতার অপব্যহার করেছেন বলে আদালত উল্লেখ করেন৷ পরে মন্ত্রিসভা পুয়ে থাই পার্টির নেতা উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসানকে ইংলাকের স্থলাভিষিক্ত করে৷
বিক্ষোভকারীরা দাবি করছে, আদালতের রায়ের পর বর্তমান সরকার তার বৈধতা ও দেশ পরিচালনার যোগ্যতা হারিয়েছে৷ বিক্ষোভকারীদের মুখপাত্র আকানাত প্রোম্ফান বলেন, ‘কাল (শুক্রবার) আমরা একটি নতুন সরকার নিয়োগের পদক্ষেপ নেব৷ সাংবিধানিক আদালতের রায়ের পর আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি...সরকার তার বৈধতা ও দেশ পরিচালনার সব যোগ্যতা হারিয়েছে৷’
সরকারবিরোধীরা কোন আইনের ভিত্তিতে এসব ঘোষণা দিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়৷ তবে মুখপাত্র আকানাত বলেন, থাই সংবিধানে একটি অনুচ্ছেদ রয়েছে, যার বলে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট দেশের জন্য একটি নির্বাহী সংস্থা গঠন করে দিতে পারে৷
‘বিচার বিভাগীয় অভ্যুত্থান’: ইংলাকের দল পুয়ে থাই পার্টির অভিযোগ, সাংবিধানিক আদালত ও এনএসিসিসহ দেশের বিচার বিভাগ একজোট হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ তাদের বিরুদ্ধে ‘বিচার বিভাগীয় অভ্যুত্থান’ চলছে৷ ইংলাক অপসারিত হওয়ার পর গঠিত নতুন মন্ত্রিসভাকেও আদালত অপসারণ করতে পারেন বলে আশঙ্কা করছে তারা৷ এএফপি ও পিটিআই৷