নতুন সাজে দালাই লামার গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার গ্রামটি নতুন সাজে সেজেছে। চীন সরকারের আর্থিক সহায়তায় বাড়িঘরগুলোর সংস্কার এবং কোনো কোনো ক্ষেত্রে নতুন করে নির্মাণের ফলে পুরো গ্রামের চেহারাই পাল্টে গেছে। তাঁর ভাতিজা গংপোর বাড়িটিও সংস্কারের আওতায় পড়েছে। উৎফুল্লু গংপো তাই দালাই লামার ফিরে আসার ব্যাপারে আশাবাদী।দালাই লামার জন্মস্থান তিব্বতের মালভূমিবেষ্টিত চীনের কিংহাই এলাকার হংই গ্রামে। এখানকার ৫৪টি বাড়ির সব কটিতেই সংস্কারের ছোঁয়া লেগেছে। বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে এ কথা বলা হয়েছে।৬৩ বছর বয়সী গংপো দুবার ভারতে গিয়েও চাচা দালাই লামার সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি তাঁকে এখানে কয়েক দিনের জন্য ডাকলে এখানকার পরিবর্তনের কথা অবশ্যই জানাব।’ তবে তিনি জানেন না, দালাই লামা তাঁর গ্রামের এই পরিবর্তন দেখতে আসবেন কি না। সিনহুয়ায় তিনি বলেছেন, ‘আমি তাঁর ফিরে আসার প্রতীক্ষায় আছি। তিনি ফিরে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’দালাই লামা ১৯৫৯ সালে চীনের শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বত থেকে ভারতের হিমাচল প্রদেশের ধরমশালায় পালিয়ে যান। তখন থেকে সেখানেই তিনি নির্বাসিত জীবন যাপন করছেন। কয়েক দিন আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দালাই লামা বলেছেন, তিনি চীনের পাসপোর্ট নিয়ে তিব্বতে ফিরবেন। এর পরের দিনই তাঁর ভাতিজার কাছ থেকে ওই গ্রাম সংস্কারের খবর পাওয়া যায়। বুদাপেস্টে দালাই লামা বলেন, ‘আমি চীনের পাসপোর্ট নিয়ে তিব্বতে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী। আশা করছি, চীন ও তিব্বতের জন্য কল্যাণ হয়, এমন একটি সমাধান খুঁজে পাওয়া যাবে।’দালাই লামার আসল নাম তেনজিন গিয়াতসো। জন্ম ১৯৩৫ সালে। তাঁর জন্মস্থান কিংহাই প্রদেশে এ বছর এক ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়।শিহুইয়াও শহরের প্রধান কর্মকর্তা বলেন, দালাই লামার গ্রামটির সংস্কারকাজে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার বা ২৬ লাখ ৫০ হাজার ইউয়ান। সময় লেগেছে প্রায় ১৬ মাস। তিনি বলেন, যাদের বাড়ি নতুন করে তৈরি করা হয়েছে, তাদের ভর্তুকি হিসেবে এই অর্থের অর্ধেক দেওয়া হয়েছে। এএফপি।