সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর মন্ত্রিসভায় রদবদল করেছেন। তিনি নতুন সাতজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে। তবে মন্ত্রিসভায় রদবদলের কোনো কারণ বলা হয়নি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কোনো রদবদলও হয়নি।সানার খবরে বলা হয়, প্রেসিডেন্ট আসাদ শ্রম ও সামাজিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দুটি মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সামাজিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একজন নারীকে। তাঁর নাম কিন্দা শামাত। আর শ্রমমন্ত্রী হয়েছেন হাসান হিজাজি।এ ছাড়া সুলেমান আব্বাস তেল ও খনিজ সম্পদমন্ত্রী, ইসমাইল ইসমাইল অর্থমন্ত্রী, হুসেইন ফারজাত গৃহায়ণ ও নগর উন্নয়নমন্ত্রী, আহমেদ আল-কাদরি কৃষিমন্ত্রী এবং হুসেইন আরনাস সরকারি কাজবিষয়ক মন্ত্রী হয়েছেন।প্রায় দুই বছর আগে সিরিয়ায় সরকারবিরোধী গণ-আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট আসাদ বেশ কয়েকবার মন্ত্রিসভায় রদবদল করেছেন। এদিকে মানবাধিকার সংগঠনের কর্মীরা জানিয়েছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী গতকাল বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার যুদ্ধবিমানগুলোকে গতকাল দামেস্কের পূর্বে জামালাকা, উত্তর-পূর্বে দৌমা এবং ইস্টার্ন ঘুটা এলাকায় চক্কর দিতে দেখা যায়। বিমানগুলো থেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ছাড়া দামেস্কের দক্ষিণে সাবিনাহ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মোয়াদামিয়েত আল-শাম এলাকায়ও বিমান হামলা চালানো হয়।অবজারভেটরি আরও জানায়, সিরিয়ার দারা প্রদেশে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সরকারি সেনারা সেখানে বিদ্রোহীদের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করছে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় জোবার এবং উত্তরাঞ্চলীয় রোকন উদ্দিন শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এএফপি।