নবজাগরণের ডাক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর প্রথম ভাষণে দেশে ‘মহানবজাগরণ’ সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে এক ভাষণে তিনি এ আহ্বান জানান। সমবেত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জনগণের স্বপ্নের মহানবজাগরণ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এদিকে নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং এক সংবাদ সম্মেলনে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন।গতকাল রোববার পিপলস কংগ্রেসে ভাষণে জিনপিংয়ের বক্তৃতায় দুর্নীতির কথাও উঠে এসেছে। তাঁর ভাষায়, দুর্নীতি কমিউনিস্ট পার্টির জন্য হুমকি। তিনি ‘ভোগ-বিলাস ও জাঁকজমকপূর্ণ জীবনযাপন’ পরিহার এবং নেতিবাচক কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য আহ্বান জানান। জিনপিং বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওসহ সাবেক নেতাদের অসমাপ্ত কাজ চালিয়ে নেওয়া ও ক্ষমতাসীন দলের অতীত অর্জনগুলো উদ্যাপনের ওপর জোর দেন।গত নভেম্বরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট শি জিনপিংকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গতকাল রোববার প্রথম সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। তিনি মনে করেন, এই দুই দেশ পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ইতিবাচক অবস্থান গ্রহণ করতে পারে। অভ্যন্তরীণ ক্ষেত্রে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা ও দুর্নীতিবিরোধী লড়াইকে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।কেকিয়াং বলেন, নানা ক্ষেত্রে ভিন্নমত থাকলেও বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক ভিন্নমতগুলো দূর করা উচিত। চীনের নতুন নেতৃত্ব সম্পর্ক জোরদারের প্রতি গুরুত্ব দিচ্ছে, যাতে দুই দেশের জনগণের উন্নতি এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত হয়।যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গত বছর ৫০ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। যদিও যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ওয়েবসাইট হ্যাকিং, নিজ দেশে বেইজিংয়ের বিনিয়োগে বিরোধিতাসহ নানা অভিযোগ তোলে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও সরকারি দপ্তরের ওয়েবসাইট হ্যাকিংয়ের চীনের সামরিক বাহিনীর হাত আছে, ওয়াশিংটনের এমন অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে কেকিয়াং বলেন, ‘আমার মনে হয়, পরস্পরের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তুলে সাইবার নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কাজ করার দিকে আমাদের নজর দেওয়া উচিত।’ এএফপি, রয়টার্স ও এপি।