নবনির্বাচিত কিরগিজ প্রেসিডেন্ট মার্কিন ঘাঁটি প্রত্যাহার চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ সেদেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার পক্ষে। গতকাল মঙ্গলবার তিনি বলেন, চুক্তি অনুযায়ী ২০১৪ সালে ইজারার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের ওই সামরিক ঘাঁটি প্রত্যাহার করে নেওয়া উচিত।আতামবায়েভ গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটে কারচুপির অভিযোগে তাঁর বিজয়কে চ্যালেঞ্জ করেছেন।কিরগিজস্তানের রাজধানী বিশকেকের কাছে যুক্তরাষ্ট্রের মানাস বিমানঘাঁটি অবস্থিত। তার পাশেই অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যেটিও মানাস নামে পরিচিত। রাশিয়াপন্থী আতামবায়েভ বলেন, কিরগিজস্তান বর্তমান চুক্তির বিষয়টিকে সম্মান জানায়। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার সময় আমি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের এবং সফরকারী প্রতিনিধিদের সতর্ক করে বলেছি, চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী ২০১৪ সালে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ত্যাগ করতে হবে। কিরগিজস্তানে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ছাড়াও রাশিয়ারও একটি সামরিক বিমানঘাঁটি রয়েছে। মার্কিন বিমানঘাঁটিটি বন্ধ করা হলে, তা নিশ্চিতভাবেই ক্রেমলিনকে খুশি করবে।আতামবায়েভ গতকাল সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন না মার্কিন সামরিক ঘাঁটি দেশকে নিরাপত্তা দিচ্ছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রায়ই সামরিক সংঘাতে জড়িয়ে পড়ছে। ইরাক এবং আফগানিস্তানে এ রকমটি ঘটেছে। এখন ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমি চাইব না, এসব দেশ কোনো একদিন ওই সেনা ঘাঁটিতে পাল্টা আঘাত হানুক। একটি বেসামরিক বিমানবন্দরকে বেসামরিক বিমানবন্দর হিসেবেই ব্যবহার করা উচিত।’ রয়টার্স।