নবমবারের মতো বিশ্বকাপের মাঠে বাঙালি দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবমবারের মতো বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন ভারতের কলকাতার বাঙালি দম্পতি পান্নালাল চ্যাটার্জি ও চৈতালী চ্যাটার্জি। ছবি: এএফপি
নবমবারের মতো বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন ভারতের কলকাতার বাঙালি দম্পতি পান্নালাল চ্যাটার্জি ও চৈতালী চ্যাটার্জি। ছবি: এএফপি

একবার, দুবার নয়, নবমবারের মতো বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন ভারতের কলকাতার এক বাঙালি দম্পতি। ৮১ বছর বয়সী পান্নালাল চ্যাটার্জি আর ৭২ বছর বয়সী চৈতালী চ্যাটার্জির এই বিশ্বকাপ ফুটবল প্রেমের শুরু তিন দশক আগে। ক্রিকেটভক্ত ভারতে ফুটবলের জন্য এমন প্রেমের কারণে সংবাদ শিরোনাম হয়েছেন এই দম্পতি।
ব্রাজিলের উদ্দেশে যাত্রাকালে বার্তা সংস্থা এএফপিকে পান্নালাল চ্যাটার্জি জানান, ‘সম্ভবত এটাই মাঠে বসে আমার শেষ বিশ্বকাপ ফুটবল দর্শন হবে। তবে এবার ব্রাজিলের মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।’ সঙ্গে যোগ করলেন, ‘ব্রাজিলে বিশ্বকাপ দেখার স্বপ্ন আমার সব সময়ই ছিল। এটা ফুটবলের তীর্থভূমি।’
এই দম্পতি মাঠে বসে ফুটবলের বিশ্বকাপ দেখা শুরু করেন ১৯৮২ সালে। সেবার বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল স্পেনে। এই দম্পতিকে তাঁদের লন্ডনের এক বন্ধু খেলা দেখার টিকিট দিয়েছিলেন। মাঠে বসে বড় আসরের খেলা দেখার মজা সেই যে তাঁরা পেয়েছিলেন, তা এখনো অব্যাহত আছে।
ওই আসরে বিশ্ববাসীর নজর কেড়েছিল আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা। সেই স্মৃতি রোমন্থন করে পান্নালাল চ্যাটার্জি বললেন, ‘টুর্নামেন্টটা উত্তেজনায় ভরা ছিল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, বিশ্বকাপ ফুটবলের কোনো আসর আর মিস করা যাবে না।’
স্পেনের পর ১৯৮৬ সালে মেক্সিকোয় বসা বিশ্ব ফুটবলের আসরও উপভোগ করতে যান পান্নালাল-চৈতালী দম্পতি। ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা সেবার বিশ্বকাপ জিতেছিল। আর্জেন্টিনা আর জার্মানির সেই ফাইনাল খেলার কথা আজও ভুলতে পারেন না এই দম্পতি। 

সেই থেকে ম্যারাডোনার ভীষণ ভক্ত চৈতালী। তবে তাঁর স্বামী ব্রাজিলের কট্টর সমর্থক। বেশ গর্ব করে জানালেন, ‘পেলে আমাদের সঙ্গে ছবি তুলতে সম্মতি দিয়েছিলেন।’

পান্নালাল-চৈতালী দম্পতির কোনো সন্তান নেই। পান্নালালের মাসিক পেনশন সাড়ে সাত হাজার রুপি দিয়ে চলে তাঁদের সংসার। এর মধ্যে প্রতি চার বছর পর পর বিশ্বকাপের মাঠে হাজির হওয়ার জন্য বেশ কিপ্টেমি করতে হয় তাঁদের। পান্নালাল জানালেন, ‘চার বছর ধরে আমি পছন্দের মাছ খাওয়া বাদ দিয়েছি। ব্রাজিলের এই আসরে যোগ দিতে পর্যাপ্ত অর্থ জোগাতে বহুদিন আধপেটা খেয়েছি।’ আর চৈতালী শাড়ি বানিয়ে সেগুলো বিক্রি করে বাড়তি অর্থ সঞ্চয় করেছে।

ফুটবলের প্রতি এই বাঙালি দম্পতির প্রেমের কথা পৌঁছে যায় ফিফার কাছেও। বিশ্ব ফুটবলের এই সংস্থাটি ব্রাজিলে তাঁদের থাকার ব্যবস্থা করেছে। আর স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল তাঁদের জন্য টিকিটের ব্যবস্থা করে দিয়েছে।

ফুটবলের প্রতি ভালোবাসাকে তাঁর এক প্রকার ‘আসক্তি’ বলে জানালেন পান্নালাল চ্যাটার্জি। আর এ ব্যাপারে তাঁর বিশ্বস্ত সহযোগী তাঁর স্ত্রী। কারণ, তিনি খেলার স্থান, তারিখ আর তারকাদের ব্যাপারে সব তথ্য নিজের আয়ত্তে রাখেন।