পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর এআইএডিএমকের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা আর ওডিশার বিজু জনতা দলের (বিজেডি) নেতা ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন৷ ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ে দুজনকে পাশে চাইছেন তিনি৷ ইতিমধ্যে এই দুই নেতার সঙ্গে সখ্য গড়তে ফোনে কথা বলেছেন৷
লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা ছিল, কংগ্রেস বা বিজেপি—কোনো দল বা জোট সরকার গড়ার মতো আসন পাবে না। ফলে তৃতীয় বৃহৎ দল হিসেবে তাঁর দল সরকার গড়তে অন্যতম নির্ণায়ক শক্তি হয়ে আবির্ভূত হবে। কিন্তু মমতার সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পেল না। মমতা তৃতীয় বৃহৎ দলের পরিবর্তে চতুর্থ দলের মর্যাদা পেল। মোদির বিজেপি একাই সরকার গড়ার মতো আসন পেল৷
নির্বাচনের আগেই মমতা বিজেপির নেতা মোদির কঠোর সমালোচনা করেন৷ নির্বাচনের পর তাঁকে দেখিয়ে দেওয়ার হুমকি দিতেও কুণ্ঠাবোধ করেননি। নির্বাচনে মোদির জয়ের পর জয়ললিতা ও নবীন পট্টনায়ক শুভেচ্ছা জানালেও মমতা তাঁকে শুভেচ্ছা জানাননি।
জানা গেছে, মমতা লোকসভায় জয়ললিতা ও নবীন পট্টনায়ককে নিয়ে যৌথভাবে চলতে চাইছেন। মমতা চাইছেন, এই তিন দলের মধ্যে কাউকে লোকসভার ডেপুটি স্পিকারের পদে বসাতে। লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল ৩৪, জয়ললিতার এআইএডিএমকে ৩৭ ও নবীনের বিজেডি ২০ আসন পেয়েছে৷
কিন্তু মমতার ডাকে জয়ললিতা বা নবীন পট্টনায়ক সাড়া দেবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। নবীনও নিজের দলের স্বার্থের কথা চিন্তা করে গোপনে মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর রয়েছে। আর জয়ললিতাকে মোদি বলেই দিয়েছেন, তিনি তাঁর পাশে আছেন।
মোদির শপথ অনুষ্ঠান বর্জন করতে পারে তৃণমূল: মোদি প্রধানমন্ত্রী হিসেবে ২৬ মে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে শপথ নেবেন৷ তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করতে পারে তৃণমূল৷
মোদির শপথ অনুষ্ঠান বর্জনের প্রশ্নে এখন তৃণমূলে চলছে দুটি মত। মমতা শপথ অনুষ্ঠান বর্জন করতে চাইছেন। বিশেষ করে নির্বাচনের প্রচারে নেমে মোদি এবং মমতা পরস্পরের বিরুদ্ধে অনেক ‘অশালীন’ মন্তব্য করেছেন। সেই সূত্র ধরে মমতা চাইছেন না, শপথ অনুষ্ঠানে তৃণমূলের সদস্যরা অংশ নিক।
তবে তৃণমূলের কিছু নেতা মনে করছেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করলে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত শুরু হতে পারে। এতে পশ্চিমবঙ্গ সরকারই বেশি ক্ষতির সম্মুখীন হবে।