নব্বই শতাংশের বেশি ইতালীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি সরকারের দেওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ও আইন সংশোধন-সংশ্লিষ্ট কয়েকটি প্রস্তাব গণভোটে চরমভাবে প্রত্যাখ্যাত হয়েছে। সরকারি প্রস্তাবের বিপক্ষে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। সম্প্রতি স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ভরাডুবির পর গণভোটের এই ফল বেরলুসকোনির ওপর আরেকটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বেরলুসকোনির সরকার ১৯৮০-এর দশকে বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করা ও পানি সরবরাহের বিষয়টি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব করে। পাশাপাশি ক্ষমতাসীন মন্ত্রীদের বিচারের মুখোমুখি করা থেকে রেহাই দেওয়ার আইন করারও প্রস্তাব করা হয়। বর্তমানে বেরলুসকোনি কয়েকটি মামলার আসামি এবং এসব মামলায় তাঁকে আদালতে হাজির হতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিজেকে বিচারের ঊর্ধ্বে রাখতেই আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।এসব প্রস্তাবের ওপর গত সোমবার গণভোট হয়। গতকাল মঙ্গলবার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফল প্রকাশ করে। ফলাফলে দেখা গেছে, মোট ভোটারের ৫৭ শতাংশ ভোট দিয়েছেন। যত ভোট পড়েছে, তার মধ্যে ৯৪ শতাংশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালুর বিপক্ষে পড়েছে। মন্ত্রীদের বিচারের ঊর্ধ্বে রাখার বিপক্ষে ৯৫ শতাংশ ভোট পড়েছে।বিশ্লেষকেরা বলেছেন, ৫৭ শতাংশ ভোটারের ভোট দেওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। কেননা, ইতালিতে গণভোটে ৫০ শতাংশের কম ভোটার ভোট দিলে সে ফলাফলের কার্যকারিতা থাকে না। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী বেরলুসকোনি বলেন, জনগণ ‘স্পষ্ট রায়’ দিয়েছে এবং এটা তাঁর সরকার মেনে নিচ্ছে।গত মাসে কয়েকটি শহরে মেয়র নির্বাচনে বেরলুসকোনির সমর্থিত প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর গণভোটের এই ফল বেরলুসকোনির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে বলে মনে করা হচ্ছে। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা পিয়ের লুইগি বেরসানি বলেছেন, এই ফলাফলের পর বেরলুসকোনির ক্ষমতায় থাকা উচিত হবে না। তাঁর পদত্যাগ করা উচিত। এএফপি।